কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা মহাসড়ক অবরোধ করে মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পরে সেখানে উপস্থিত ব্যক্তিরা রাজু মোল্লাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে রাত ৮টার দিকে ওই এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া জানান, রাজুকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মীরা একা পেয়ে তাদের এক নেতাকে হত্যা করেছেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুলি নাকি ককটেলের আঘাতে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘটনার পর রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে। তবে এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191435