গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন
গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে বাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায়। কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191419
তিনি বলেন, মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে বাড়িটি কার, তা তিনি জানেন না। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছিলেন আ ক ম মোজাম্মেল হক। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি জোড়পুকুর এলাকার ওই বাড়িতে বসবাস করতেন। পরে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় নতুন বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন মোজাম্মেল হক।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত চলছে।