সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহত্তম গামছার হাট সুতা ও রঙের দাম বাড়ায় বিপাকে তাঁতিরা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসে দেশের অন্যতম বৃহত্তম গামছার হাট। প্রতি হাটে এখানে প্রায় ২ কোটি টাকার গামছা বিক্রি হয়। দেশের বিভিন্ন জেলা থেকে শত শত পাইকারি ব্যবসায়ী এ হাটে আসেন গামছা কিনতে। পরে তারা নিজ নিজ এলাকায় পাইকারি ও খুচরা দামে এসব গামছা বিক্রি করেন।
সপ্তাহের শুক্র ও মঙ্গলবার বগুড়া-ঢাকা মহাসড়কের পাশে উল্লাপাড়ার পাচিলা নামক স্থানে বসে এ গামছার হাট। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত চলে হাটের বেচাকেনা। বাহারি রঙ, নকশা ও বিভিন্ন মাপের গামছা পাওয়া যায় এ হাটে। এক হাত থেকে ছয় হাত পর্যন্ত লম্বা গামছা বিক্রি হয় এখানে। হাটে বিক্রি হওয়া এসব গামছা স্থানীয় তাঁতিদের হাতে বোনা তাঁত ও বিদ্যুৎচালিত তাঁতে তৈরি। তাঁতিরা মূলত সুতি ও তোয়ালে ধরণের গামছা তৈরি করেন। চার পিস গামছা এক থান হিসেবে বেঁধে প্যাকেট করে হাটে নিয়ে আসেন তারা। গামছার ধরণ ও মানভেদে প্রতি থান ২শ’ থেকে ৭শ’ টাকা পর্যন্ত বিক্রি হয়।
আলোকদিয়া গ্রামের গামছা উৎপাদনকারী তাঁতি আজাহার আলী জানান, বর্তমানে সুতা ও রঙের দাম বেড়ে যাওয়ায় এ ব্যবসায় আগের মতো লাভ হচ্ছে না। অনেক কষ্টে তিনি এ পেশা ধরে রেখেছেন। তিনি বলেন, সরকার সহজ শর্তে তাঁতিদের ঋণ দেওয়ার ব্যবস্থা করলে তারা উপকৃত হবেন। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এ শিল্প টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
গামছা তৈরির কারিগর তফিজ উদ্দিন বলেন, গামছা তৈরির সুতা ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় ইতোমধ্যে অনেক মহাজন শত শত তাঁত বন্ধ করে দিয়েছেন। এতে কারিগরদের কাজের পরিধি কমে গেছে। চুক্তিভিত্তিক কাজ করে কারিগরদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে অনেক কারিগর পেশা পরিবর্তন করে অন্য কাজে যুক্ত হয়েছেন।
সিরাজগঞ্জ তাঁত বোর্ডের কর্মকর্তা অসিত সরকার জানান, এ অঞ্চলের গামছাকে জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। তাঁতিদের প্রশিক্ষণের জন্য সিরাজগঞ্জে একটি প্রশিক্ষণ ভবন নির্মাণ করা হয়েছে। শিগগিরই এটি উদ্বোধন করা হবে। এ শিল্পের মানোন্নয়নে একটি গবেষণাপত্র তৈরি করে গত ৩০জুন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191407