চুরির অপবাদে ৭৫ বছরের বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রাম ঘোরানোর অভিযোগ

চুরির অপবাদে ৭৫ বছরের বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রাম ঘোরানোর অভিযোগ
পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর করে কোমরে শিকল বেঁধে রাখার পাশাপাশি গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে।
 
গতকাল সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
নির্যাতনের শিকার বৃদ্ধের নাম মো. রুহুল আমিন। তিনি হতদরিদ্র ও মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এ ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, সোমবার প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ছড়া কলা নিয়ে যান রুহুল আমিন। এ ঘটনায় কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। পরে তার কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখা হয়। একপর্যায়ে গলায় ওই কলা ও সুপারি ঝুলিয়ে তাকে গ্রাম ঘোরানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। তিনি মাঝেমধ্যে মানুষের অজান্তে কলা, কচু ও সুপারি নিয়ে যান। তবে সামান্য অপরাধের অভিযোগে তার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই ঠিক হয়নি।
 
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, বৃদ্ধের গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191396