ডয়চে ব্যাংকের অন্ধকার অতীত নজরদারিতে
আন্তর্জাতিক ডেস্ক : জার্মান ব্যাংকিং জায়ান্ট ডয়চে ব্যাংকের অতীত ব্যবসায়িক কর্মকাণ্ড এখন কঠোর নজরদারির মুখে পড়েছে। ফাঁস হওয়া লাখ লাখ ইমেইল এবং অন্যান্য নথিপত্রের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশের পরই ব্যাংকটির অন্ধকার অতীত সামনে আসছে।
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন, প্রভাবশালী রুশ ধনকুবেরদের সাথে ব্যাংকটির সম্পর্ক নিয়ে এখন নানান আলোচনা হচ্ছে। ২০১৮ সালে ক্রিশ্চিয়ান সুইং ব্যাংকটির সিইও হিসেবে দায়িত্ব নেন এবং ব্যাংকের ভাগ্য ফিরিয়ে আনার জন্য তিনি ব্যাপকভাবে প্রশংসিত। তবে শীর্ষস্থানীয় এই আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলা বৈশ্বিক তদন্তের অংশীদার ফিন্যান্সিয়াল টাইমসের মতে, তিনি শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনেক তথ্য গোপন রেখেছিলেন এবং আরও বড় ঝুঁকি নেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। এই তদন্তে হিসাবরক্ষণ সংক্রান্ত নানা কৌশল উন্মোচিত হয়েছে এবং কলঙ্কিত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইনের সাথে ব্যাংকটির সম্পর্কের বিষয়ে নতুন আলোকপাত করা হয়েছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যগুলোর একটি হলো ব্যাংকটির প্রভাবশালী রুশ ধনকুবের (অলিগার্ক) গ্রাহকদের বিষয়, যা ডয়চে ব্যাংকের জন্য নীতিমালা পরিপালনের ক্ষেত্রে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ব্যাংকের ভেতরে ঝুঁকি ব্যবস্থাপকরা বারবার সতর্ক করেছিলেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ অলিগার্কদের সাথে ব্যবসা করলে ব্যাংকটি আর্থিক অপরাধ এবং সুনাম ক্ষুণ্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। তবুও সেই সতর্কবার্তাগুলো ব্যাংকের গতিপথ পরিবর্তনে তেমন কোনো ভূমিকা রাখেনি। অর্থের প্রবাহ অব্যাহত ছিল এবং সম্পর্কগুলোও টিকে ছিল।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে, তখন এই সংকটের ভয়াবহতা বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে। পশ্চিমা সরকারগুলো যখন দ্রুত মস্কোর ওপর নতুন আর্থিক নিষেধাজ্ঞা আরোপের পথে এগোচ্ছিল, তখন ডয়চে ব্যাংকের কর্মীরা তাদের আর্থিক ঝুঁকির পরিমাণ নিরূপণ করতে হিমশিম খাচ্ছিলেন।
আক্রমণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর এক ইমেইল আদান-প্রদানে আর্থিক অপরাধবিরোধী এক বিশেষজ্ঞ উল্লেখ করেন যে, ব্যাংকটির রুশ অলিগার্ক গ্রাহকদের একটি বড় অংশ রয়েছে, পাশাপাশি এমন গ্রাহকও আছেন যাদের রুশ কম্পানিতে বিনিয়োগ রয়েছে। তিনি সহকর্মীদের কাছে জানতে চান, কোন সম্পর্কগুলো ছিন্ন করা যাবে এবং কোনগুলো যাবে না। এমনকি গ্রাহকদের হাতে সময় থাকতেই তাদের অর্থ তুলে নেওয়ার পরামর্শ দেওয়ার সম্ভাবনার কথাও তিনি তুলেছিলেন।
ফাঁস হওয়া নথিতে যেসব ব্যবসায়ীর নাম এসেছে, তাদের মধ্যে রাশিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যবসায়ীরা রয়েছেন, যেমন কোটিপতি ওলেগ ডেরিপাস্কা এবং ভিক্টর ভেকসেলবার্গ। অভ্যন্তরীণ দলগুলো তাদের অর্থ লেনদেন পরিচালনার ঝুঁকির বিষয়ে সতর্ক করা সত্ত্বেও ব্যাংকটি ব্যবসা চালিয়ে গিয়েছিল।
এই বিস্ফোরক তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ব্যাংকটির শেয়ারের দাম প্রায় ছয় শতাংশ কমে গেছে। ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে ২০১০-এর দশকের শুরুর দিক থেকে শুরু করে ইমেইল, অভ্যন্তরীণ তদন্ত, পরিচালনা পর্ষদের কার্যবিবরণী, কমপ্লায়েন্স রেকর্ড এবং কর্মীদের চ্যাট লগ অন্তর্ভুক্ত রয়েছে। রাশিয়ার বাইরেও এই নথিগুলো কলঙ্কিত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইনের সাথে ব্যাংকটির সম্পর্কের নতুন দিক উন্মোচন করেছে।
এতে দেখা গেছে, ডয়চে ব্যাংক এপস্টেইনের সাথে যুক্ত প্রায় ৬০ কোটি ডলারের সন্দেহজনক লেনদেন সম্পন্ন করেছে, যা আগে জানা তথ্যের চেয়ে অনেক বেশি। ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, এই অর্থের মধ্যে নারীদের দেওয়া অর্থ, দাতব্য অনুদানের সন্দেহভাজন অপব্যবহার এবং অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সহপ্রতিষ্ঠাতা লিওন ব্ল্যাক ও হেজ ফান্ড কোটিপতি গ্লেন ডুবিনের মতো ধনী ব্যক্তিদের কাছ থেকে আসা অর্থ স্থানান্তর অন্তর্ভুক্ত ছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191384