বগুড়ার নন্দীগ্রামে মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা পাচ্ছেন প্রান্তিক মানুষ

বগুড়ার নন্দীগ্রামে মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা পাচ্ছেন প্রান্তিক মানুষ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে প্রতি মাসে একটি করে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার ভাটরা ইউনিয়নের কোষাশ কমিউনিটি ক্লিনিকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। এছাড়া ১০৩ জন নারীর ভায়া পরীক্ষা করা হয়। ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন।

এ সময় সেবা কার্যক্রমে অংশ নেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার লাকি আক্তার, সিনিয়র স্টাফ নার্স শৈব্যা গোস্বামী, সাবিহা খাতুন, মিডওয়াইফ শারমিন আক্তার সুপ্তি, স্বাস্থ্য পরিদর্শক শাহনাজ পারভিন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মিজানুর রহমান, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার শাহাদুল ইসলাম, মেহেদী হাসান, দীপা বালা ও স্বাস্থ্যসহকারী আকরাম হোসেন।

এছাড়াও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের মেডিকেল ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191382