বগুড়ার মোকামতলায় নতুন ধান ব্লাক রাইস উৎপাদন

বগুড়ার মোকামতলায় নতুন ধান ব্লাক রাইস উৎপাদন

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মোকামতলায় প্রথমবারের মত এবার পুষ্টিকর ও উচ্চমূল্য ফসল হিসেবে ব্লাক রাইস নামে ধান উৎপাদন শুরু করা হয়েছে। স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এ চাল সুপার ফুড হিসেবে পরিচিতি।

উপজেলা কৃষি অফিস জানান ব্লাক রাইস বা কালো চালের ধান পরীক্ষামূলক এবার প্রথম চাষ করা হয়েছে। উপজেলার রহবল ইউনিয়নের রহবল উত্তরপাড়া গ্রামের কৃষক জিন্না আলীকে অনুরোধ করে তার ১৫ শতক জমিতে এই ধান চাষ করা হয়েছে।

দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটিতে এ ধানের চাষ উপযোগী। ধানের ভাল ফলন পেতে হলে  বিশ্বস্ত উৎস্য বা কৃষি অফিস থেকে বীজ সংগ্রহ করতে হবে। আমন মৌসুমে এ ধান চাষ করা হয় তবে আবহাওয়া অনুযায়ী আমন ও বোরো মৌসুমেও চাষ করা যায়। ২৫ থেকে ৩০ দিনের বয়সের চারা রোপন করা উপযোগী। চারা রোপন করার আগে জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে কাদা তৈরি করতে হবে।

যাতে আগাছা দমন সহজ হয়। জমি তৈরি সময় জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। তবে এই ধান উৎপাদনে রাসায়নিক সারের চেয়ে জৈব ও পরিমিত ইউরিয়া ব্যবহার করলে ধানের গুণগতমান ভালো থাকে। লাইন থেকে লাইনে দূরত্ব ২৫ সেন্টিমিটার এবং গুচ্ছ থেকে গুচ্ছ দূরত্ব ২০ সেন্টিমিটার রাখতে হবে। ধানের জমিতে সব সময় পানি রাখতে হবে জমি যেন শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

ধানের রোগবালাই দেখা দিলে কৃষিবিদের পরামর্শ নিয়ে বালাইনাশক ব্যবহার করতে হবে। ধানের উৎপাদন সাধারণ ধানের চেয়ে এই কালো ধান একটু কম হয়। তবে প্রতি বিঘা (৩৩শতক) জমিতে ১৮ থেকে ২০ মন ধান উৎপাদন হয়। উৎপাদন খরচ হিসেবে সাধারণ ধানের চেয়ে এ ধানের উৎপাদন খরচ কম। প্রতি বিঘা ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত খরচ হয়।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান পাপ্পু জানান, ব্লাক রাইস পুষ্টিসমৃদ্ধ ও প্রিমিয়ার বা উচ্চমূল্য ফসল। সাধারণ চালের চেয়ে বাজারে এর চাহিদা কম। তবে দাম অনেক বেশি। সুপারশপ গুলোতে ৩৫০ থেকে ৪০০ টাকা প্রতি কেজি চাল বিক্রি হয়।

তিনি আরো জানান কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকের ফসল উৎপাদনের সর্বক্ষণিক পরামর্শ দেওয়া হয়। তবে এবার ব্লাক রাইস ধানের উৎপাদন দেখে এলাকার অনেক কৃষক আগামীতে এই ধান উৎপাদনের আগ্রহ প্রকাশ করছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191381