ঘুমন্ত শিশুসহ গাড়ি চুরি, ২৩০ কিলোমিটার দূরে উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক : রাতের খাবার খেতে রেস্তোরাঁয় গিয়েছিলেন বাবা-মা। তাদের ১২ বছর বয়সী মেয়ে তখন গাড়ির পেছনের আসনে ঘুমিয়ে ছিল। কিন্তু খাবার শেষে ফিরে এসে তারা দেখেন, গাড়ি নেই, সঙ্গে নিখোঁজ ঘুমন্ত মেয়েটিও। চুরির এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারে। পরে প্রায় ২৩০ কিলোমিটার দূরে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে কেন গাড়ি চুরির সময় শিশুটিকেও সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।
ঘটনাটি ঘটে ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে গুদুভানচেরি এলাকায়। পুলিশ জানায়, রবিবার রাতে শিশুটির বাবা-মা ভল্লানচেরির একটি রেস্তোরাঁর কাছে তাদের গাড়ি পার্ক করেন। রাতের খাবার খেতে যাওয়ার সময় তারা মেয়েকে গাড়ির পেছনের আসনে ঘুমন্ত অবস্থায় রেখেই ভেতরে চলে যান। কিছুক্ষণ পর খাবার শেষে বাইরে এসে দেখেন, গাড়িটি সেখানে নেই। গাড়ির সঙ্গে নিখোঁজ হয়েছে তাদের মেয়েও।
বিষয়টি বুঝতে পেরে দ্রুত পুলিশের কাছে অভিযোগ জানান তারা। অভিযোগ পাওয়ার পর গুদুভানচেরি থানার পুলিশ গাড়ি ও শিশুটির সন্ধানে বিশেষ দল গঠন করে। আশপাশের এলাকা এবং সম্ভাব্য গন্তব্যগুলোতে শুরু হয় তল্লাশি।
পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মায়িলাদুথুরাই জেলার শিরকাঝি এলাকার নিউ বাসস্ট্যান্ডের কাছে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় শিশুটি। এরপর সে কয়েকজন অটোরিকশাচালকের কাছে গিয়ে জানায়, তাকে অপহরণ করা হয়েছে। শিশুটির কথা শুনে চালকেরা তাকে উদ্ধার করেন এবং শিরকাঝি মহিলা থানায় নিয়ে যান।
পরে পুলিশ গুদুভানচেরি থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে শিশুটির পরিবারের কাছে খবর পৌঁছে দেয়। শেষ পর্যন্ত নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় তাকে।
এদিকে, শিশুটি গাড়ি থেকে নেমে যাওয়ার পর অভিযুক্ত ব্যক্তি গাড়ি নিয়ে পালিয়ে যায় বলে পুলিশের ধারণা। পরে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
সূত্র: এনডিটিভি
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191377