জয়পুরহাটের পাঁচবিবির আলতাফ আলী মার্কেটে অগ্নিকান্ডে দুটি দোকান ভস্মিভূত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি পৌর পার্কের সামনে আলতাফ আলী মার্কেটে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, ওই মার্কেটের সাইদার ইসলামের মালিকানাধীন দিশারী ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফার্নিচারের দোকানের আগুন ছড়িয়ে পাশের সৈয়দ মাসুদ আহমেদের মুদির দোকানে লাগে। এতে দুটি দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে মুদির দোকানেই প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে জয়পুরহাট ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পাঁচবিবি ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের নম্বরে ফোন করা হলেও প্রথমে কল রিসিভ না করায় আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে তাদের অভিযোগ। জয়পুরহাট জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191367