বগুড়ার মহাস্থান হাটে আগাম সবজির দামে ধস, লোকসানের শঙ্কায় কৃষক
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সবচেয়ে বড় সবজির মোকাম শিবগঞ্জ উপজেলার মহাস্থান পাইকারি সবজি হাটে শীতকালীন আগাম সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দামে বড় ধরনের ধস নেমেছে।
চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় উৎপাদিত সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা। এতে উৎপাদন খরচ তো দূরের কথা, অনেক কৃষকের পরিবহন ও শ্রমিকের মজুরিও উঠছে না। বিশেষ করে মুলা ও লাউয়ের দাম অস্বাভাবিক কমে যাওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরছেন চাষিরা।
গতকাল মঙ্গলবার মহাস্থান পাইকারি সবজির বাজার ঘুরে দেখা গেছে, শিবগঞ্জ, মোকামতলা, বগুড়া সদরসহ বিভিন্ন এলাকার কৃষকেরা তাদের জমিতে উৎপাদিত সবজি বিক্রির জন্য হাটে নিয়ে এসেছেন। অন্যদিকে ফরিয়া ও পাইকারি ব্যবসায়ীরা এসব সবজি কিনে ট্রাকে করে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন।
বাজারে প্রতি মণ ফুলকপি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা, প্রতি পিস বাঁধাকপি ১০ থেকে ১৫ টাকা এবং প্রতি মণ মুলা মাত্র ৩০০ টাকায়। অথচ এক মাস আগেও প্রতি মণ ফুলকপি বিক্রি হয়েছে ১ হাজার ৫শ’ টাকা,মুলা বিক্রি হয়েছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়।
এ ছাড়া প্রতি কেজি মিষ্টি লাউ ১০ থেকে ১৫ টাকা, প্রতি মণ শিম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, শসা ১ হাজার টাকা, বেগুন ৮০০ থেকে ১ হাজার টাকা, করলা ৯০০ থেকে ১ হাজার টাকা, পটল ৮০০ থেকে ১ হাজার টাকা এবং কাঁচা মরিচ ৮ শত থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। বরবটি কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা ও পাতাপেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সবজিচাষি রহেদুল ইসলাম জানান, তিনি তিন বিঘা জমিতে মুলা চাষ করেছেন। প্রতিদিন বাজারে দাম কমতে থাকায় এবার তার প্রায় ৩০ হাজার টাকা লোকসান হতে পারে। অন্যদিকে পাঁচ বিঘা জমিতে ফুলকপি চাষ করতে তার খরচ হয়েছে দেড় লাখ টাকা। কিন্তু বর্তমান বাজারদরে ফুলকপি বিক্রি করেও উৎপাদন খরচ ওঠার সম্ভাবনা দেখছেন না তিনি।
কৃষক রবিউল ইসলাম বলেন, প্রতি বছর আগাম সবজি চাষ করে কৃষকেরা ভালো লাভের আশা করেন। মৌসুমের শুরুতে এসব সবজির দামও তুলনামূলক বেশি থাকে। কিন্তু গত দুই থেকে তিন বছর ধরে অধিক লাভের আশায় অনেক কৃষক অন্য ফসলের পরিবর্তে আগাম শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন।
মুলা, ফুলকপি, বাঁধাকপি ও লাউয়ের আবাদ বেড়ে যাওয়ায় একই সময়ে বাজারে বিপুল পরিমাণ সবজি উঠছে। ফলে সরবরাহের চাপে দাম কমে যাচ্ছে। এতে কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
মহাস্থান বাজারের কয়েকজন আড়তদার জানান, এ হাট থেকে প্রতিদিন শত শত ট্রাক সবজি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। বিভিন্ন এলাকায় শীতকালীন সবজির আবাদ ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। ফলে গত কয়েক দিন ধরে সবজির বাজার নিম্নমুখী।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191363