ট্রলারে গ্যাসের চুলায় রান্নার সময় বিস্ফোরণে দগ্ধ ৩ জেলে

ট্রলারে গ্যাসের চুলায় রান্নার সময় বিস্ফোরণে দগ্ধ ৩ জেলে

বরগুনার পাথরঘাটা উপজেলার মাছের খালে নোঙর করা মাছ ধরা একটি ট্রলারে গ্যাসের চুলায় রান্নার সময় বিস্ফোরণে তিন জেলে গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারের নাম জাহিদ হাসান মালিক দুলাল খান।

দগ্ধ ব্যক্তিরা হলেন-কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামের কালু খানের ছেলে আলম খান (৪৫), নজরুল ঘরামীর ছেলে বাঁকা বিল্লাহ (৪৫) এবং মকফের খানের ছেলে দুলাল খান (৫৫)। গুরুতর দগ্ধ দুইজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

অপর আহত দুলালের চিকিৎসার বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

গুরুতর আহত ট্রলার মালিক দুলাল খান বলেন, ১৪ জন জেলে নিয়ে বাজার সদাই করে মাছ ধরার জন্য সাগরে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দুপুরের খাবার খেয়েই সাগরের উদ্দেশে রওনা হব। ট্রলারের বাবুর্চি দুপুরে রান্না করছিলেন। হঠাৎ বিস্ফোরণ ঘটে, এতে ট্রলারে থাকা তিনজন দগ্ধ হয়। 

তিনি আরও বলেন, আমার বয়সে এমন দুর্ঘটনা দেখিনি। ১১ জন জেলে ট্রলারে না থাকায় তাদের কোনো‌ সমস্যা হয়নি।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বাকা বিল্লাহর পুরো শরীর পুড়ে গেছে, আলমের মাথা কেটে এবং পুড়ে যাওয়ায় ৬টি সেলাই দেওয়া হয়েছে। ট্রলারের মালিক দুলাল খানের দুই পা পুড়ে গেছে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইস্মিতা বলেন, দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে। অন্যজনকে স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191344