দখল-দূষণের নির্মম অভিঘাত : বিপন্ন দেশের নদ-নদী
পৃথিবীতে কতশত সভ্যতা জনবসতি গড়ে ওঠা, ইতিহাস, ঐতিহ্য- সংস্কৃতি ভূতত্ত্ব- নৃতত্ত্ব, সাহিত্য, কাহিনী ও পৌরাণিক উপাখ্যান, সামাজিক ও রাজনৈতিক সমাজ ব্যবস্থা সবকিছুই উদ্ভব ও বিস্তৃতি লাভ করেছে নদী-নালাকে ঘিরেই। জেগে উঠেছে মাটি, প্রকৃতি, সবুজের সমারোহ ও অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। প্রাণ পেয়েছে প্রত্যেকটি গ্রাম শহর বা উপশহর। যার প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে হাজারো মানুষের জীবনের গল্প, তাদের না বলা সংগ্রাম ও মায়াঘেরা তটরেখা। সারা বিশ্বে অসংখ্য নদী শাখা- প্রশাখাসহ জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি দীর্ঘ প্রবাহ , কোন উঁচু পাহাড় পর্বত হতে কোন বড় জলাশয়ে (হ্রদ, সাগর বা মহাসাগর) গিয়ে মিশে যায় আবার পুনরায় প্রবাহিত হয়।
নদী কখনো কখনো শান্ত রুপ দেখায় আবার কখনো বা স্রোতের টানে নদীতীর ভাসিয়ে দিয়ে চলে যায়। শিল্প বিপ্লবের পর থেকে নগরের সাথে সাথে গ্রামগুলোও যত উন্নত হতে থাকল ততই যেন নদীগুলোর নিজস্বতা হারিয়ে যেতে লাগল। একটা সময় নদীবিধৌত উর্বর পলিমাটি ছিল জীবন-জীবিকার অন্যতম সম্বল। ব্যবসা-বাণিজ্য, শিল্প, কৃষিকাজের সেচ প্রবাহ, মৎস্য পালন, উৎপাদন ব্যবস্থা যোগাযোগ- যাতায়াত ব্যবস্থা, জলজ প্রাণীর অভয়ারণ্য, এমনকি অর্থনীতির প্রধান উৎস ছিল। সময়ের সাথে সাথে এসব দৃশ্য এখন অতীতের খাঁচায় বন্দি।
বর্তমানে স্বাভাবিক চিত্র বদলে এক একটি নদী হয়ে পড়েছে প্রাণহীন, তারতম্য দেখা দিয়েছে স্বভাবিক গতি - প্রকৃতিতে। আরো দুঃখজনক বিষয় হলো নদীগুলোকে আজ দখল- দূষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হিসেব মতে, বাংলাদেশের নদ-নদীর সংখ্যা প্রায় ১,৪১৫টি। কোন কোন পরিসংখ্যানে শাখা-প্রশাখাসহ সংখ্যা ধরা হয়েছে প্রায় দুই হাজারটি। উইকিপিডিয়ার তথ্য মতে, এদেশে ৪০৫ টি নদী রয়েছে। তবে, ধীরে ধীরে এসব নদীর সংখ্যা অনেকটাই কমে এসেছে। গত ৫০ বছরে প্রায় অর্ধেকে নেমে এসেছে। যার পেছনে ভূমিকা রাখছে এদেশের অতিমাত্রায় ও নিয়ন্ত্রণহীন দখল- দূষণ। বেশিরভাগ শিল্পকলকারখানা গড়ে ওঠেছে নদী তীরবর্তী এলাকায়। কারখানার বর্জ্য পাইপলাইনগুলো সরাসরি নদী অভিমুখে সংযুক্ত করা হয়েছে। ডাইং, বস্ত্র, রং ট্যানারি, রাসায়নিক ও ওষুধ শিল্পের মত এরকম প্রক্রিয়াজাতকরণ কারখানা হতে নির্গত অপরিশোধিত তরল বা কঠিন বর্জ্য প্রতিদিন পানিতে গিয়ে মিশছে।
শহর ও জনবসতি থেকে উৎপন্ন কয়েক টন গৃহস্থালি বর্জ্য ড্রেনেজ দিয়ে নদীতে অপসারিত হচ্ছে। নদীপথে চলাচলকারী জাহাজ ও নৌযান হতে ইঞ্জিনের পোড়া তেল, লুব্রিকেন্ট ও বর্জ্য পদার্থ নদীর পানিকে নিয়মিতভাবে দূষিত করে তুলছে। এছাড়াও, প্লাস্টিক ও পলিথিন বর্জ্য, কৃষি জমির রাসায়নিক পদার্থ,খনি হতে নিষ্কাশিত পদার্থ ও উজান হতে উৎপন্ন বর্জ্য নদীগুলোকে ময়লা -আবর্জনার এক একটি ভাগাড়ে পরিণত করেছে। শহরের বাইরে গ্রামাঞ্চলের নদীগুলোর একই অবস্থা। শুধুমাত্র দূষণেই সীমাবদ্ধ নেই, নদীগুলো দখলের শিকার হচ্ছে প্রতিনিয়ত। শিল্প মালিকেরা অবৈধভাবে নদী দখল করে সেখানে কারখানা তৈরি করছে। প্রভাবশালী গোষ্ঠী ও ভূমিদস্যুরা নদী ভরাট করে তৈরি করছে বড় বড় স্থাপনা। ঘন ঘন বালু উত্তোলন করে পানি ধারণক্ষমতা কমিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করা হচ্ছে।
দীর্ঘদিন যাবৎ এসব নদী খনন না করা এবং উৎসমুখে সøুইচ গেট না দেওয়াই শুকিয়ে মরা খালে পরিণত হয়েছে। এভাবে দীর্ঘমেয়াদ দখল বা দূষণ চলতে থাকলে ঝুঁকি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভূ-উপরিভাগের পানি ব্যবহার অনুপযোগী হয়ে ভূগর্ভস্থ পানির উপর চাপ পড়বে। শোধন ব্যয় বৃদ্ধি ও পানি সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে। পানিতে বিষক্রিয়ার প্রভাব তাপমাত্রা বৃদ্ধি করে স্থানীয় জলবায়ুর তারতম্য ও বৃষ্টিপাতের চক্রকে পরিবর্তন করে দিতে পারে। এজন্য নদীগুলোকে দখল - দূষণমুক্ত ও সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া অতীব জরুরি। নদীর দখল- দূষণকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়। সেক্ষেত্রে সহজেই দখল ও দূষণকারীদেরকে পর্যাপ্ত শাস্তির আওতায় আনা সম্ভব ।
এজন্য প্রয়োজন জাতীয় নদী রক্ষা কমিশনের নিরপেক্ষভাবে কাজ করা ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা। একটি নতুন ও যৌথ নদী রক্ষা কমিশন গঠন, প্রয়োজন স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা।সবচেয়ে কার্যকরী ও সক্রিয় পদক্ষেপ হতে পারে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ সেই সাথে যৌথ উদ্যোগ। উন্নয়ন- অগ্রগতির ধারা বজায় রাখতে হবে, কিন্তু সেখানে নদীতে দখল - দূষণ করে নয়। এভাবে নদীগুলোকে সংরক্ষণ করা গেলে এখনো হয়তো বাংলাদেশে শক্তিশালী কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তোলা সম্ভব। আরও সম্ভব নদীমাতৃক বাংলাদেশের প্রকৃত তাৎপর্য ফিরিয়ে আনা।
যে নদী এঁকেছে প্রকৃতির রূপ-রঙে ভরা নৈসর্গিক পৃথিবী দিয়েছে, মায়া ভরা শান্তির ছায়া সেই নদীগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। মানবজাতির অগ্রগতি সমাজ ও রাষ্ট্রকে সচল রাখা, সার্বিক উন্নয়ন, জনগণের জীবিকা রক্ষা, জলজ প্রাণীর অস্তিত্ব ও জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ন্যায়সঙ্গত ভারসাম্য রক্ষায় নদীকে বিলীন হতে দেয়া যাবে না। নদী বাঁচলে, জনজীবন বাঁচবে ও ঝুঁকিমুক্ত হবে। বাঁচবে প্রকৃতি তৈরি হবে অপার সম্ভাবনা। তাই নদী রক্ষার অঙ্গীকার হোক কথায় নয়, বাস্তবধর্মী ব্যবস্থাপনায়। ফিরে আসুক নদীমাতৃক বাংলার চিরচেনা প্রকৃতির রূপ।
লেখক : শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান ইডেন মহিলা কলেজ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191330