‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’
বিনোদন ডেস্ক : কিছুদিন আগে আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে চিত্রনায়িকা পরিমনিকে। সেই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, ওই ব্যক্তি তাকে স্পর্শ করায় আপত্তি জানিয়েছিলেন তিনি।
ঘটনাটি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সে যখন আমাকে ধরল আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।’
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ উপস্থিত হন পরীমনি। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছান তিনি। এদিন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ওই ঘটনার প্রসঙ্গ তোলেন অভিনেত্রী। এসময় পরীমনি বলেন, ‘এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ৬ বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে, কনটেন্ট ক্রিয়েটর এবং মেইনস্ট্রিমের যারা সাংবাদিক আছেন তারা সবাই এই ছয়টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনো কারো সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না।’
এদিকে এদিন পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত নতুন এই তারিখ ধার্য করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191329