বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে ‘আকভান’ এ পরিণত হয়ে ভারতের অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও শক্তিশালী হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অতিপ্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২৪০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ২২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার এসব বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191321