১৩ ঘণ্টা অবরুদ্ধ থেকে অবশেষে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে তিন দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রায় ১৩ ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর সোমবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়েন উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।
এর আগে রাত ১০টার দিকে পুলিশের সহায়তায় ক্যাম্পাস ছাড়ার চেষ্টা করলে আন্দোলনকারীরা উপাচার্যের গাড়ির সামনে শুয়ে পড়েন। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে উপাচার্য নিজ কার্যালয়ে ফিরে গিয়ে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেন।
আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিদাওয়া এবং বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সোমবার রাতে এ সভা অনুষ্ঠিত হয়। রাত ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।
পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আদালতের রায়ে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। সোমবার সকাল ১০টা থেকে উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ও অধিকার আন্দোলন কমিটির সদস্যসচিব মো. মিয়া হোসেন রানা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন দিনের সময় নিয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী রোববার থেকে আবারও আন্দোলনে যাবেন বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191293