জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ বিল পাস
বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ন, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ন প্রতিরোধ এবং দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ পাস হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে বিলটির ওপর জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। গত ৯ নভেম্বর জাতীয় সংসদে উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।
সংসদে জানানো হয়, বগুড়া ও এর সন্নিহিত এলাকায় একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর গড়ে তোলার লক্ষ্যে বিলটি প্রণয়ন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য সংশ্লিষ্ট এলাকার ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের জন্য উন্নত জীবনযাপনের পরিবেশ সৃষ্টি করা।
এসব লক্ষ্য বাস্তবায়নে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত, পরিকল্পিত ও টেকসই উন্নয়ন এবং কার্যকর নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে বিলে। উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র হিসেবে বগুড়া ও এর সন্নিহিত এলাকার ক্রমবর্ধমান নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) আদলে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদে মন্ত্রী জানান, ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ প্রণয়নের মাধ্যমে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।