লালমনিরহাটে সার পাচারের সময় জব্দ, ব্যবসায়ীর কারাদন্ড
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে অবৈধভাবে সার পাচারের সময় মহেন্দ্রনগর বাজারে তিনটি অটোরিকশা থেকে ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করেছেন স্থানীয়রা। আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার হারাটি ইউনিয়ন থেকে মহেন্দ্রনগর বাজারে এসব সার জব্দ করা হয়।
এসময় সার সিন্ডিকেটের সাথে জড়িত এরশাদ আলী নামের এক কীটনাশক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত এরশাদ সদর উপজেলার হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস বলেন, তিনটি গাড়িতে মোট ৪৫ বস্তা সার জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পরবর্তীতে হারাটি ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে তা বিতরণ করা হবে। এছাড়াও পাচারের সাথে জড়িত ব্যবসায়ীকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191258