শ্রমিক অসন্তোষে অস্থির গাজীপুর, বন্ধ ঘোষণা ২৬ কারখানা।
গাজীপুরের নাওজোড় এলাকায় আবারও শ্রমিক বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজ সোমবার বিকেলে আন্দোলনরত পোশাকশ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ২৬ কারখানা।
আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে নগরীর নাওজোড় এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে নিতে গেলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল সাইনবোর্ড এলাকায়ও শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। পরে তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া দিলে শ্রমিকেরা পালিয়ে যান।
জয়দেবপুর ও সালনা এলাকায় একই দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝাতে গেলে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এ ছাড়া বিকেলে কোনাবাড়ী এলাকায় কয়েকজন যুবক হঠাৎ করে এসে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলা বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
এসব ঘটনায় গাজীপুরে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া কিছু কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, এ পর্যন্ত গাজীপুরের ২৬টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া অনেক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ওইসব কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। দিনব্যাপী বিভিন্ন এলাকায় অল্প সময়ের জন্য বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191243