জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন,যা বললেন অর্থমন্ত্রী

জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন,যা বললেন অর্থমন্ত্রী

বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়ার যোগ্যতা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি জানতে চেয়েছেন, কী যোগ্যতার ভিত্তিতে একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের এমডি নিয়োগ দেওয়া হয়েছে। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই ব্যাংকগুলোর শীর্ষ পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম হয়েছে। গত বছরের জুনে জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে ম্যাক্সিম গ্রুপের ২৩ হাজার কোটি, এস আলমের ১০ হাজার ২০০ কোটি, এনেক্সটেক্সের ৭ হাজার ৮০০ কোটি এবং ক্রিসেন্ট গ্রুপের ৩ হাজার ৪০০ কোটি টাকা রয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকদের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে ব্যাংকগুলো খাদের কিনারায় চলে গেছে বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, বিএনপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে দেওয়া হবে এবং এ খাতে সরকারের হস্তক্ষেপ থাকবে না। অর্থমন্ত্রীও এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন।

 

কিন্তু বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের পর থেকে সাউথইস্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। মাঝারি আকারের একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে কী যোগ্যতার ভিত্তিতে জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের এমডি নিয়োগ দেওয়া হয়েছে, তা জানতে চান তিনি।

নিয়োগের মানদণ্ড কী, তা শুধু সরকার জানবে, নাকি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হবে—এ প্রশ্নও তোলেন হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের সময় জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। যোগ্যতার ভিত্তিতেই এসব নিয়োগ দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে একটি প্যানেল রয়েছে। প্রার্থীদের সাক্ষাৎকার ও জীবনবৃত্তান্ত পর্যালোচনা করে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, প্রার্থী বেসরকারি খাত থেকে এসেছেন, নাকি সরকারি ব্যাংকে কর্মরত ছিলেন, সেটি বিবেচনায় নেওয়া হয় না। ব্যাংকগুলোকে সংকট থেকে বের করে আনতে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে। শুধু এমডি নয়, ব্যাংকের পরিচালনা পর্ষদেও প্যানেল থেকে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হচ্ছে।

তিনি দাবি করেন, এখন পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

অর্থমন্ত্রী আরও বলেন, ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ফিরছে। অনেকে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার আশঙ্কা করেছিলেন, কিন্তু এখন তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। ব্যাংকগুলোতে নিট আমানত বাড়ছে এবং ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াচ্ছে। ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ প্রক্রিয়াও ভালোভাবে এগিয়ে চলছে। ভবিষ্যতে এর সুফল দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191240