প্রেমের টানে গোয়ালন্দে চীনা যুবক, তরুণী নার্গিসকে বিয়ে
ভালোবাসার টানে সুদূর চীন থেকে রাজবাড়ীর গোয়ালন্দে এসে নার্গিস আক্তার নামে এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং। দুই দেশের দুই নাগরিকের এ বিয়ে এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।
স্থানীয়রা জানান, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন জ্যাকি চেউং। এরপর ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে গত শুক্রবার (১৩ নভেম্বর) দুই পরিবারের সম্মতিতে মুসলিম রীতি অনুযায়ী পারিবারিক ও সামাজিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
জ্যাকি ও নার্গিসের পরিচয়ের গল্পটিও বেশ ব্যতিক্রমী। নার্গিসের ভাই সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন জ্যাকি চেউং। কর্মসূত্রে তাদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি জানতে পেরে সিরাজুল ইসলাম তার বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন। এরপর দুজনের মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একসময় সেই পরিচয় রূপ নেয় ভালোবাসার সম্পর্কে।
সেই ভালোবাসার টানেই চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন জ্যাকি। পরে দুই পরিবারের সম্মতিতে তাদের সম্পর্ক পরিণয়ে রূপ নেয়।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “চীন থেকে এক যুবক এসে গোয়ালন্দের নার্গিস নামের এক তরুণীকে বিয়ে করেছেন বলে শুনেছি। তবে বিদেশ থেকে কেউ এসে প্রলোভন দেখিয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছেন কি না, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।