জাতীয় কৃষি দিবস: নবান্ন উৎসব এবং ‘কৃষক কার্ড’-এ কৃষকের স্বপ্ন
পৃথিবীতে অনেক দিবস ঘটা করে পালিত হয়। আমাদের দেশেও হয়। সুজলা-সুফলা, শস্য-শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আবহমান কাল ধরে এ দেশের মাটি, মানুষ ও অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে আমাদের কৃষিখাত। এই কৃষি সভ্যতার নেপথ্যের কারিগর হলেন আমাদের কৃষক সমাজ। রোদ-বৃষ্টি, ঝড়-জলোচ্ছ্বাস উপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে তাঁরা দেশের ১৮ কোটি মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন। কৃষকদের এই অসামান্য অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং কৃষির গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতিবছর বাংলা পঞ্জিকার পহেলা অগ্রহায়ণ বাংলাদেশে ‘জাতীয় কৃষি দিবস’ হিসেবে পালিত হয়।
হেমন্তের সোনালি ধানের মৌ-মৌ গন্ধ আর নবান্ন উৎসবের সাথে মিশে থাকা এই দিনটি কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়, বরং বাঙালির শিকড়, সংগ্রাম ও কৃষক-কৃষাণীর আত্মমর্যাদা প্রতিষ্ঠার দিন। দিবসটির পটভূমি ও সাংস্কৃতিক যোগসূত্র: বাঙালির হাজার বছরের কৃষিভিত্তিক ঐতিহ্য ও চিরায়ত ‘নবান্ন উৎসব’-এর সাথে সংগতি রেখে ২০০৮ সালে পহেলা অগ্রহায়ণ দিনটিকে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় কৃষি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সে বছর দিবসটির মূল প্রতিপাদ্য ছিল—“কৃষিই সমৃদ্ধি”।
অগ্রহায়ণ মাসে পাকা আমন ধান ঘরে তোলার যে আনন্দ, তার সাথে রাষ্ট্রীয় এই স্বীকৃতি গ্রামবাংলার কৃষকদের জীবনে নতুন প্রাণের সঞ্চার করে। দিবসটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কৃষিমেলা, পিঠা উৎসব এবং শ্রেষ্ঠ কৃষকদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে কৃষি ও কৃষকদের সম্মান জানানো হয়। এটাতো রাষ্ট্রের আয়োজন! অন্যদিকে গ্রামের প্রায় প্রতিটি পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। নতুন চালের পিঠা পায়েস আত্মীয় স্বজনরা মিলে একসাথে খাওয়ার আনন্দ সত্যিই অভাবনীয়! নতুন চালের ভাতের ঘ্রাণ আর স্বাদ ভোলার নয়।
মুক্তিযুদ্ধে কৃষক ও কৃষি পরিবারের অবদান: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কৃষক সমাজের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে যাঁরা অস্ত্র হাতে লড়াই করেছিলেন, তাঁদের সিংহভাগই (প্রায় আশি শতাংশ) ছিলেন গ্রামের সাধারণ কৃষক ও কৃষক পরিবারের সন্তান। কেবল সম্মুখসমরেই নয়, নেপথ্যে থেকেও কৃষি পরিবারগুলো মুক্তিযোদ্ধাদের পরম আশ্রয়স্থল হিসেবে কাজ করেছে। পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়াবহ তাণ্ডবের মুখেও কৃষকরা জীবন বাজি রেখে মাঠে ফসল ফলিয়েছেন, যাতে অবরুদ্ধ দেশের মানুষ খাদ্যাভাবে না পড়ে। অসংখ্য কৃষক পরিবার নিজেদের ক্ষুধা নিবারণ না করে পরম মমতায় মুক্তিযোদ্ধাদের মুখে খাবার তুলে দিয়েছে, তাঁদের গোপনে আশ্রয় দিয়েছে এবং শত্রুপক্ষের গতিবিধির খবর পৌঁছে দিয়েছে মুক্তিযোদ্ধাদের আস্তানায়। স্বাধীনতা অর্জনের পর যুদ্ধবিধ্বস্ত, দুর্ভিক্ষপীড়িত একটি দেশকে পুনর্গঠন করার প্রথম ও প্রধান দায়িত্বটিও কাঁধে তুলে নিয়েছিলেন এই কৃষক সমাজই।
স্বাধীনতা-পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যতবারই কোনো প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক মন্দা কিংবা বৈশ্বিক সংকটের মুখোমুখি হয়েছে, প্রতিবারই রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে আমাদের কৃষিখাত তথা কৃষক। ১৯৭৪-এর দুর্ভিক্ষ, ১৯৮৮ ও ১৯৯৮-এর প্রলয়ংকরী বন্যা কিংবা সিডর, আইলা, আম্পানের মতো ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর যখন দেশের অর্থনীতি থমকে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন কৃষকরাই কোমর বেঁধে মাঠে নেমেছেন। ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ থেকে দ্রুত নতুন ফসল ফলিয়ে তাঁরা দেশকে বড় ধরনের খাদ্য সংকট থেকে রক্ষা করেছেন।
সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ মহামারির দীর্ঘ লকডাউনে যখন কলকারখানা, অফিস-আদালত ও বিশ্ববাণিজ্য স্থবির হয়ে পড়েছিল, তখনও কৃষকের লাঙ্গল ট্রাক্টর এক মুহূর্তের জন্য থামেনি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা খাদ্য উৎপাদন অব্যাহত রেখেছিলেন বলেই বাংলাদেশে কোনো খাদ্য সংকট তৈরি হয়নি। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন সঙ্কট কেন্দ্র করে মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক অস্থিরতার প্রভাবে বিশ্বজুড়ে যখন খাদ্যের দাম আকাশচুম্বী, তখন অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রেখেছেন আমাদের কৃষকরা।
বর্তমান সরকারের ‘কৃষক কার্ড’ ও কৃষকের স্বপ্ন: কৃষকদের ভাগ্যোন্নয়ন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং রাষ্ট্রীয় ভর্তুকি সরাসরি প্রকৃত কৃষকের হাতে পৌঁছে দিতে বর্তমান সরকার এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে চালু করা হয়েছে ডিজিটাল ‘কৃষক কার্ড’। এই স্মার্ট কার্ডের মাধ্যমে ফসল চাষির পাশাপাশি মৎস্যচাষি, প্রাণিসম্পদ খামারি ও লবণচাষিদেরও একটি সুনির্দিষ্ট ডিজিটাল ডেটাবেজের আওতায় আনা হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষক পরিবারের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।
জমির মালিকানার ভিত্তিতে ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড়—এই পাঁচ শ্রেণিতে বিভক্ত করে কৃষকদের ১০ ধরনের বহুমুখী সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে—ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ব্যাংক হিসাবে সরাসরি নগদ আর্থিক প্রণোদনা প্রদান, ন্যায্যমূল্যে সার-বীজ-কীটনাশক ও সেচ সুবিধা প্রাপ্তি, সহজ ও রেয়াতি সুদে কৃষিঋণ এবং সরাসরি সরকারি গুদামে ন্যায্যমূল্যে ফসল বিক্রির সুযোগ। এ ছাড়া ডাল, তৈলবীজ, মসলা ও ভুট্টা চাষে বিশেষ সুবিধা, পতিত জমি আবাদের আওতায় আনা এবং ইউনিয়ন পর্যায়ে আধুনিক হিমাগার ও পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণের মাধ্যমে সরকার কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক খাতে রূপান্তরের বহুমুখী উদ্যোগ নিয়েছে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ও ফসলের রোগবালাই দমনের ডিজিটাল পরামর্শ সেবা কৃষকদের হাতের নাগালে পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষক স্বপ্নে আত্মহারা, সত্যি তাদেরকে নিয়ে ভাববার মতো একজন মানবিক প্রধানমন্ত্রী তারা পেয়েছেন।
বর্তমান চ্যালেঞ্জ ও আগামীর প্রত্যাশা: এসব অসামান্য সাফল্য সত্ত্বেও বাংলাদেশের কৃষি বর্তমানে কিছু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। কৃষি উপকরণ যেমন, সার-বীজ-কীটনাশক পেতে তাদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে অন্যদিকে অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের ফলে প্রতিবছর আবাদি জমি কমছে। আবার জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিবৃষ্টি, খরা ও উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ছে। জমির ঊর্বরাশক্তি হ্রাস পাচ্ছে ক্রমশ। উৎপাদিত পণ্যের বাজার মূল্য ফরিয়া বা মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। সব মিলিয়ে কৃষক দিশেহারা! এমন সময় সরকারের ‘কৃষক কার্ড’ কৃষকের জন্য এক সঞ্জীবনী বটিকা হিসেবে আবির্ভূত হয়েছে। কৃষক স্বপ্নাতুর হচ্ছেন! তবে এই “কৃষক কার্ড” কর্মসূচির স্বচ্ছ বাস্তবায়ন, আধুনিক কৃষি যান্ত্রিকীকরণ, জলবায়ু সহনশীল ফসলের জাত উদ্ভাবন এবং শিক্ষিত তরুণ সমাজকে আধুনিক কৃষিতে সম্পৃক্ত করা গেলে এই চ্যালেঞ্জগুলো সহজেই জয় করা সম্ভব। তারেক রহমানের সরকার ইতিমধ্যে নতুন কৃষি উদ্যোক্তা তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে, নিশ্চয়ই এটা অনেক আশার সঞ্চার করেছে।
উপসংহার: জাতীয় কৃষি দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, শহরের ঝলমলে আলোর নিচে আমরা যে খাবার গ্রহণ করি, তার প্রতিটি দানায় মিশে আছে গ্রামের কোনো এক অচেনা কৃষকের ঘামে ভেজা শরীর ও ভালোবাসা মোড়ানো যত্নের ছোঁয়া। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যেকোনো সংকটে যাঁরা দেশকে বাঁচিয়ে রেখেছেন, সেই কৃষকদের প্রাপ্য সম্মান ও তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি ‘কৃষক কার্ড’-এর মতো যুগান্তকারী উদ্যোগের সফল বাস্তবায়নের মাধ্যমে গড়ে উঠুক ক্ষুধামুক্ত, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ। নবান্ন উৎসবে এটাই প্রত্যাশা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191194