৪০০ রানে থামল বাংলাদেশ, এত রান করে ওয়ান্ডারার্সে হারেনি কোনো দল
স্পোর্টস ডেস্ক : জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। পিটারসনের করা ওভারের আগের বলে চার মেরে দলকে ৪০০ রানের মাইলফলকে পৌঁছে দেন তাসকিন আহমেদ। তবে পরের বলেই মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
প্রথম ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই উইকেট হারানোর পর একপর্যায়ে মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকে তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে ১২১ রানে ৫ উইকেট হারিয়ে আবারও বিপর্যয়ে পড়ে দল।
এরপর লিটন দাসকে সাথে নিয়ে প্রতিরোধ গড়েন তাওহীদ হৃদয়। দুজনের জুটি বাংলাদেশের ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। এই জুটিতে দুজনই তুলে নেন সেঞ্চুরি। তাঁদের ব্যাটিং নৈপুণ্যে শেষ পর্যন্ত ৪০০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
অন্যদিকে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের পরিসংখ্যানও বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক। মাঠটিতে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি সংগ্রহ করা কোনো দল এখন পর্যন্ত টেস্টে হারেনি। এমন সংগ্রহের পর ৭টি ম্যাচ ড্র হয়েছে এবং ১২টিতে জয় পেয়েছে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়া দল। ফলে ৪০০ রানের পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে ভালো কিছুর প্রত্যাশা করতে পারে বাংলাদেশ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191193