রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৯ জন রয়েছেন। এ ছাড়া লালবাগ ও তেজগাঁও বিভাগে ৭৮ জন করে, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, গুলশান বিভাগে ২৭ জন, উত্তরা বিভাগে ২৫ জন, রমনা বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে দুটি ছুরি, দুটি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191172