দিনাজপুরের বিরামপুরে নবান্ন উৎসবকে ঘিরে কৃষাণ-কৃষানিরা কর্মচাঞ্চল্য মুখর

দিনাজপুরের বিরামপুরে নবান্ন উৎসবকে ঘিরে কৃষাণ-কৃষানিরা কর্মচাঞ্চল্য মুখর

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: গ্রামবাংলার চিরায়ত উৎসব নবান্নকে ঘিরে এখন গ্রামীণ জনপদে চলছে সাজ সাজ রব। নতুন ধান তুলতে হবে ঘরে। আর সেই ধানের চাল দিয়ে তৈরি ক্ষির-পায়েস প্রিয়জনদের মুখে তুলে দেওয়ার মাধ্যমে কৃষক খুঁজে পায় বর্ষায় বৃষ্টিতে ভিজে ফসল আবাদের স্বার্থকতা।

বন্যার প্রভাবমুক্ত দিনাজপুর জেলার বিরামপুর ও পার্শ্ববর্তী উপজেলায় আমন ধান কেটে ঘরে তোলা ও নবান্ন উৎসবকে ঘিরে কৃষকের পাশাপাশি গ্রামীণ নারীরাও কর্মচাঞ্চল্য মুখর হয়ে উঠেছে। কৃষকরা মাঠ থেকে নতুন ধান কেটে ঘরে তোলার আগে কৃষক বধূদের নিতে হয় নানা প্রস্তুতি। নতুন ধানের চাল থেকে তৈরি ক্ষির-পায়েস ও বিভিন্ন ধরণের খাদ্য দিয়ে অতিথি আপ্যায়নের মাধ্যমে দিনাজপুর অঞ্চলে পহেলা অগ্রহায়ণ পালিত হয় নবান্ন উৎসব।

নতুন ধান ঘরে তোলা নিয়ে গ্রামের মানুষ এখন কর্মচাঞ্চল্যে মুখর। তবে প্রত্যন্ত গ্রামে এখনও যেসব মাটির বাড়ি রয়েছে সেগুলোর দেওয়ালে বিভিন্ন রং ও চুন দিয়ে আল্পনা এঁকে নারীরা ফুটে তুলছেন তাদের শিল্পী মনের প্রতিচ্ছবি। কৃষকরা মাঠ থেকে ধান কেটে আনলে কৃষক বধূরা সেই ধান পানিতে ভিজিয়ে রাখেন।

একরাত পর ভিজানো ধান সিদ্ধ করে শুকানো হয় রোদে। ওই ধান ঢেকিতে বা মেশিনে ভানলে বেরিয়ে আসে মুক্ত বরণ চাল। আর সেই নতুন চাল দিয়ে তৈরি ক্ষির-পায়েস পরিবার পরিজনের মুখে তুলে দিয়ে তৃপ্ত হন গ্রামীণ নারীরা।

৫নং বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা ও ৬ নং জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, নবান্ন উৎসব ঘিরে নারীরা তাদের ঘরবাড়িতে বিভিন্ন রং করে নতুনভাবে সাজাতে ব্যস্ত রয়েছেন। উপজেলায় এবারও ১লা অগ্রহায়ণ থেকে সপ্তাহব্যাপী চলবে নবান্ন উৎসব।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191111