ম্যানইউর কোচিং দলে যুগান্তকারী পরিবর্তন

ম্যানইউর কোচিং দলে যুগান্তকারী পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে কোচিং স্টাফ দল গঠনে অভূতপূর্ব এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান-কে উদ্ধৃত করে পর্তুগালের আ বোলা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় দলের টেকনিক্যাল স্টাফ দলের সদস্যদের নিয়ে আসছেন পচেত্তিনো। তার সঙ্গে যোগ দিচ্ছেন আরও পাঁচজন, এর মধ্যে স্প্যানিশ বিশেষজ্ঞ সিলভিয়া তুয়া ভিনাসের নাম খবরের শিরোনামে। ম্যানইউ’র একশ’ বছরেরও বেশি সময়ের ইতিহাসে প্রথম নারী হিসেবে তিনি দলের ব্যাকরুম স্টাফদের সঙ্গে কাজ করবেন।

তুয়ার সঙ্গে রেড ডেভিলদের নতুন টেকনিক্যাল সেটআপে থাকবেন সহকারী কোচ জেসুস পেরেজ, মিগেল ডি’অগোস্তিনো, গোলকিপিং কোচ টনি হিমেনেজ ও কোচের ছেলে সেবাস্তিয়ানো পচেত্তিনো এবং একজন ক্রীড়া বিজ্ঞান বিশেষজ্ঞ। সবাই কয়েক বছর ধরে পচেত্তিনোর সঙ্গে কাজ করছিলেন। তাদের সবাই ম্যানইউতেও তার সাপোর্ট স্টাফ হিসেবে থাকবেন। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন পচেত্তিনো ও তার টেকনিক্যাল স্টাফদের সঙ্গে জাতীয় দলের সম্পর্কের অবসান হওয়ার কথা নিশ্চিত করেছে। আগামী ১৮ নভেম্বর ম্যানইউতে নতুন দায়িত্ব নেবেন তিনি। তার প্রথম পরীক্ষা হবে লিভারপুলের বিপক্ষে আগামী ২২ নভেম্বর।

৪৬ বছর বয়সী তুয়া ক্রীড়া বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। তিনি বার্সেলোনা বিশ্ববিদ্যালয় এবং কাতালুনিয়ার জাতীয় শারীরিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। সেখানে তিনি প্রাতিষ্ঠানিক কাজের পাশাপাশি শারীরিক প্রস্তুতির ওপর বিশেষ দক্ষতাও অর্জন করেছেন। স্পেনের নারী শীর্ষ লিগে লেভান্তের ফুটবলারদের শারীরিক প্রস্তুতি নিয়ন্ত্রণ করেছিলেন। ২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের টেকনিক্যাল স্টাফ হিসেবে কাজ  শুরু করেন। আমেরিকান পুরুষ জাতীয় দলের ব্যাকরুম স্টাফ দলেও তিনিই প্রথম নারী ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191078