নিষিদ্ধ ছাত্রলীগ পরিচয়ে হুমকি ও গালাগালি করা হয়েছে- অভিযোগ সামান্তার

নিষিদ্ধ ছাত্রলীগ পরিচয়ে হুমকি ও গালাগালি করা হয়েছে- অভিযোগ সামান্তার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সামান্তা শারমিন ফোনে হুমকি ও গালাগালির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তার দাবি, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি তাকে হুমকি দিয়েছেন।

রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সামান্তা শারমিন। তিনি জানান, দুপুর ১২টা ২৭ মিনিটে তাকে ফোন করে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ সময় তাকে অকথ্য ভাষায় গালাগালিও করা হয়।

ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লেখেন, হুমকিদাতা নিজেকে বরগুনা জেলা ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তবে ছাত্রলীগে তার কী পদ, তা জানা যায়নি। পোস্টে তিনি আরও বলেন, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন সামান্তা শারমিন। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হলে তিনি দলটির জ্যেষ্ঠ আহ্বায়কের দায়িত্ব পান। সর্বশেষ তিনি দলটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৫ নভেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191075