আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ : শ্রাবণ
স্পোর্টস ডেস্ক : ২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেই স্বপ্ন শেষ হয়েছে সেমিফাইনালেই।
ম্যাচের শেষ দিকে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের একটি ভুলে গোল হজম করে বাংলাদেশ। আবদুল সামাদ আরশাদের সেই গোলেই প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার আনন্দে মাতে পাকিস্তান। আর স্বাগতিক বাংলাদেশের ভাগ্যে জোটে হতাশা ও আক্ষেপ।
ম্যাচের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে শ্রাবণ। গোল হজমের জন্য তাকেই দায়ী করছেন অনেকে। আজ ফেসবুকে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন এই গোলকিপার। শ্রাবণ লিখেছেন, ‘গত রাতে আপনাদের সবার সঙ্গে আনন্দে মেতে ওঠার স্বপ্ন দেখেছিলাম। ভাবিনি, আজ ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা লিখতে হবে। একটি অনাকাক্সিক্ষত ভুল সবকিছু বদলে দিয়েছে। জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে।
এই ঘটনা আমার জন্য বেদনাদায়ক এক শিক্ষা হয়ে থাকবে। সতীর্থ, কোচ এবং দেশের প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191074