স্কুলছাত্রীকে অপহরণের পর গোরস্থানের পাশে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

স্কুলছাত্রীকে অপহরণের পর গোরস্থানের পাশে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নেত্রকোনার কেন্দুয়ায় তিন যুবকের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার একটি গোরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, ওই ছাত্রী রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে প্রতিবেশী চাচাতো ভাই পরিচয়ের তিন যুবক তার মুখ চেপে ধরেন। পরে তাকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে গোরস্থানের পাশে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে ওই কিশোরী অচেতন হয়ে পড়ে।

পরে জ্ঞান ফিরলে নিজেকে ঘটনাস্থলে একা দেখতে পায় সে। রাত আনুমানিক আড়াইটার দিকে সেখান থেকে পাশের শিবপুর গ্রামের এক বান্ধবীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয় ওই কিশোরী। পরদিন সকালে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার বাবা সেখানে গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় তিনি মামলা করেন।

মামলার আসামিরা হলেন উপজেলার কামারগাঁও গ্রামের লিটন মিয়ার ছেলে মো. শুভ (২৩), মোখলেছ মিয়ার ছেলে নুর আলম (৩০) এবং ফজলুর রহমানের ছেলে শাহ আলম (২৮)।

মামলার বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191068