২০২৭ সালে স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ
২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। আদেশের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, আদালত রিটটি ‘নট প্রেস রিজেক্টেড’ করেছেন।
২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে গত ৭ অক্টোবর হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিট আবেদনটি করেন। এতে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক এবং মাউশির উপসচিবকে বিবাদী করা হয়।
রিট আবেদনে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি চালু রাখার বিষয়টি তুলে ধরা হয়েছিল। রিটকারীর আইনজীবীর বক্তব্য অনুযায়ী, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষার পরিবর্তে ডিজিটাল লটারি পদ্ধতি চালু করেছিল তৎকালীন সরকার। তবে পরবর্তী সময়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর লটারি পদ্ধতি বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান।একই দিন শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। পরে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সরকারের এ সিদ্ধান্ত ঘোষণার পর ভর্তি পদ্ধতি নিয়ে বিতর্ক তৈরি হয় বলে রিটকারীর আইনজীবী জানান। তার দাবি, শিক্ষাবিদদের একটি অংশ মনে করছেন, ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত কার্যকর হলে শিশুদের মধ্যে প্রতিযোগিতার চাপ বাড়বে এবং কোচিং বাণিজ্যের বিস্তার ঘটতে পারে। রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদারের বক্তব্য ছিল, লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেয়ার আগে পর্যাপ্ত গবেষণা, তথ্য-উপাত্ত ও মূল্যায়ন করা হয়নি। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তার মতে, স্কুল পর্যায়ে ভর্তি পরীক্ষা চালু হলে আর্থিকভাবে সচ্ছল পরিবারের শিশুরা কোচিং ও গৃহশিক্ষকের সহায়তা পাওয়ার সুযোগে এগিয়ে থাকবে। অন্যদিকে দরিদ্র পরিবারের শিশুরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। এতে শিক্ষাক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষার পদ্ধতি চালু হলে দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন রিটকারীর আইনজীবী। শিশুদের ওপর প্রতিবছর ভর্তি পরীক্ষার মানসিক চাপ না দেয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে লটারি পদ্ধতি বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরে রিটটি দায়ের করা হয়েছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191066