ভারতের আকাশে চীনা সামরিক বিমানের দীর্ঘ চক্কর

ভারতের আকাশে চীনা সামরিক বিমানের দীর্ঘ চক্কর

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সিকিমে আকাশসীমা লঙ্ঘন করে প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেছে চীনের একটি সামরিক বিমান। গত ১২ নভেম্বর সকাল ৮টার দিকে বিমানটির গতিবিধি শনাক্ত করে ভারতীয় বিমানবাহিনী। এসময় বিমানটিকে বারবার সতর্ক করে নিজ ভূখণ্ডে ফিরে যেতে বলা হলেও সেটি ওই এলাকায় অবস্থান করছিল বলে দাবি করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম আউটলুক এক অজ্ঞাতনামা সূত্রের বরাতে জানিয়েছে এসব তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় বিমানটির অবস্থান শনাক্ত করা হয়। তবে বিমানটির ধরন, সুনির্দিষ্ট উড্ডয়নপথ এবং কখন সেটি ভারতীয় আকাশসীমা ছেড়ে যায়, তা জানা যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে আউটলুক। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে বিমানটির অবস্থানের কারণে। সিকিমের যে এলাকায় বিমানটির উপস্থিতি শনাক্ত হয়েছে, সেখান থেকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর দেখা যায়। পশ্চিমবঙ্গে অবস্থিত এই সরু ভূখণ্ড ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষা করেছে। সবচেয়ে সরু অংশে করিডরটির প্রস্থ প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার। কৌশলগত গুরুত্বের কারণে এলাকাটি ‘চিকেনস নেক’ বা ‘মুরগির গলা’ নামেও পরিচিত। চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে যেকোনো অস্বাভাবিক সামরিক তৎপরতা বিশেষ গুরুত্ব পায়।

সিকিমের সঙ্গে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত রয়েছে। এ ছাড়া ডোকলাম মালভূমিও এই অঞ্চলের কাছাকাছি। ২০১৭ সালে ডোকলামকে কেন্দ্র করে ভারত ও চীনের সেনাদের মধ্যে ৭৩ দিন ধরে অচলাবস্থা তৈরি হয়েছিল।  সূত্র : আউটলুক

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191062