আর্জেন্টিনার কোচ হিসেবে ২০৩০ বিশ্বকাপেও দেখা যাবে স্কালোনিকে

আর্জেন্টিনার কোচ হিসেবে ২০৩০ বিশ্বকাপেও দেখা যাবে স্কালোনিকে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হার এবং লিওনেল মেসির অবসরের পরেই জল্পনা তৈরি হয়েছিল আর্জেন্টিনার কোচ হিসাবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে। সেই জল্পনা শেষ হল। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন জানিয়ে দিল, আরও চার বছরের চুক্তি করা হয়েছে স্কালোনির সঙ্গে। ২০৩০ পর্যন্ত কোচ থাকছেন তিনি।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পরই স্কালোনি জানিয়েছিলেন, নিজের ভবিষ্যৎ নিয়ে একটু ভাবতে চান। শেষ পর্যন্ত আর্জেন্টিনার প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন। পরের বিশ্বকাপ পর্যন্ত থাকলে, আর্জেন্টিনার প্রথম কোচ হিসাবে তিনটি বিশ্বকাপে দায়িত্বে থাকবেন তিনি। ২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। দেশকে ২০২২ বিশ্বকাপ দিয়েছেন। ২০২৬-এ ফাইনালে তুলেছেন। মাঝে দু’টি কোপা আমেরিকা এবং ফাইনালিসিমা রয়েছে। আর্জেন্টিনা ফুটবলের প্রধান ক্লদিও তাপিয়া বলেছেন, ‘আমাদের কাছে এটা খুব আনন্দের মুহূর্ত।’

চুক্তি বাড়িয়ে স্কালোনি বলেছেন, ‘এটা সত্যি করার জন্য সভাপতি এবং সব সদস্যকে ধন্যবাদ। আমি খুব খুশি। এই মুহূর্তে ব্যক্তিগতভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও একটা স্বপ্ন পূরণ হয়েছে। এটাই আমি চাইছিলাম। প্রথমদিন থেকেই আমাদের ভাবনাচিন্তা একই রকম। আগের মতোই খিদে রয়েছে সকলের মধ্যে।’

স্কালোনির অধীনে ১০৭টি ম্যাচে ৭৯টিতে জয় পেয়েচে আর্জেন্টিনা। ১৮টি ড্রয়ের পাশাপাশি মাত্র ১০টি ম্যাচে হেরেছে। সর্বশেষ উরুগুয়ের কাছেও হেরেছে আর্জেন্টিনা। ২৩২টি গোল হয়েছে এবং ৫৯টি হজম করেছে। স্কালোনির অধীনেই আর্জেন্টিনা অপরাজিত থেকেছে টানা ৩৬টি ম্যাচ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191057