নেতানিয়াহুর প্রস্তাবে সরাসরি না বলল আইজেনকট

নেতানিয়াহুর প্রস্তাবে সরাসরি না বলল আইজেনকট

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য গাদি আইজেনকটের প্রতি আবারও আহ্বান জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহুর এই প্রস্তাবকে রাজনৈতিক কৌশল বলে প্রত্যাখ্যান করেছে আইজেনকট। সে বলেছে, নেতানিয়াহু জানে, নির্বাচনে সে হেরে গেছে।

শনিবার প্রকাশ করা এক ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেছে, বৃহস্পতিবার আইজেনকোটের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। নেতানিয়াহুর দাবি, এ ধরনের সরকার ইরানের হুমকি চিরতরে দূর করতে পারবে। তেহরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না বলেও অভিযোগ করেছে সে।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেছে, ‘চলুন, কোনো পূর্বশর্ত ছাড়াই এক কক্ষে বসি।’ তবে কয়েক মিনিটের মধ্যেই তার আহ্বান প্রত্যাখ্যান করে সাবেক সেনাপ্রধান আইজেনকট। সে বলে, ‘নেতানিয়াহু জানে, সেনির্বাচনে হেরে গেছে।’ আইজেনকট আরও বলে, ‘আলোচনা যখন এরই মধ্যে চলছে, তখন নেতানিয়াহু আলোচনার আহ্বান জানাচ্ছে। এসব কৌশল আমার ওপর কাজ করবে না।’

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। আইজেনকটের চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন। আর আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন। গত সপ্তাহে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। আরব নেতৃত্বাধীন দলগুলোর সংসদ সদস্যসহ ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকটের পক্ষে সমর্থন জানিয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে ছিল ৪৬ জন।

আইজেনকটের পরিকল্পনা অনুযায়ী, তার জোটের ৪৮ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেবে। নেতানিয়াহুর ৪৬ সমর্থক ভোট দেবে বিপক্ষে। আরব ও অতি-ধর্মীয় দলগুলোর ২৬ জন সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে। এতে নেসেটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই তার সরকারের অনুমোদন পাওয়া সম্ভব হবে।

এ ধরনের সরকার গঠিত হলে ইসরায়েলের ‘পতন’ ঘটবে বলে সতর্ক করেছে নেতানিয়াহু। নেতানিয়াহুর প্রস্তাবিত ঐক্য সরকারে মধ্যপন্থী ও ডানপন্থী ইহুদি দলগুলোকে রাখার কথা বলা হয়েছে। তবে আরব দলগুলোকে বাদ দেওয়ার অবস্থানে রয়েছে। তার মিত্ররা অভিযোগ করেছে, আরব নেতৃত্বাধীন দলগুলো নির্বাচনে ‘কারচুপি করে’ জয় পেয়েছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি।

শুক্রবার আইজেনকট নেতানিয়াহুর এই প্রচারকে ‘বর্ণবাদী’ বলে সমালোচনা করেছে। সূত্র : আলজাজিরা

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191055