হৃদয় ভেঙে গেছে, পুরো জাতির জন্যও এটা অনেক বড় কষ্টের : হামজা

হৃদয় ভেঙে গেছে, পুরো জাতির জন্যও এটা অনেক বড় কষ্টের : হামজা

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ৮৬ মিনিটে গোল হজম করে এমন হারের পর হতাশায় ভেঙে পড়েছেন অধিনায়ক হামজা দেওয়ান চৌধুরী।

ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের হতাশার কথা জানালেও কোনো সতীর্থকে কাঠগড়ায় দাঁড় করাননি তিনি। হামজা বলেন, ‘এটা ভীষণ, ভীষণ হৃদয়বিদারক। শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও পুরো জাতির জন্যও এটা অনেক বড় কষ্টের। কিন্তু আল্লাহর রহমত, আর কী বলবো!’

ম্যাচের ৮৬ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে বল পেয়ে জালে পাঠান পাকিস্তানের আবদুল সামাদ। তাতেই শেষ হয়ে যায় বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন। তবে ওই গোলের জন্য কোনো একজনকে দায়ী করতে রাজি নন অধিনায়ক। হামজার বলেন, ‘কেউ কাউকে এককভাবে দোষ দিতে পারে না। আমরা ১১ জন মিলে খেলেছি, প্রতিপক্ষও ১১ জন ছিল। তাই ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করতে পারি না।’

পাকিস্তানের খেলার ধরন নিয়েও কথা বলেছেন হামজা, ‘বিরতির পর প্রতিপক্ষ নিজেদের খেলার পরিকল্পনায় পরিবর্তন এনেছিল। এরপরও খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি পাকিস্তান। তবে পাওয়া একমাত্র সুযোগ থেকেই গোল আদায় করে নেয় তারা।’ হামজা বলেন, ‘হাফটাইমে তারা নিজেদের গেম প্ল্যান পরিবর্তন করেছে। এরপরও তারা মাত্র একটি সুযোগ তৈরি করেছে এবং সেখান থেকেই গোল করেছে। এটাই তো ফুটবল, তাই না?’

ম্যাচ শেষে মাঠেই বিষণ্ন মনে বসে থাকতে দেখা যায় বাংলাদেশ অধিনায়ককে। পরে ড্রেসিংরুমে ফেরার পথে খেলোয়াড়দের উদ্দেশে একদল সমর্থক ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। হারের হতাশায় ড্রেসিংরুমেও নেমে আসে নীরবতা। দীর্ঘ সময় অপেক্ষার পর স্টেডিয়াম ছাড়তে হয় বাংলাদেশ দলকে। এ সময় সমর্থকেরা দলের বাস ঘিরে রাখেন। তবে বাসে ওঠার সময় হামজাকে ঘিরে ছিল ভিন্ন চিত্র। সমর্থকেরা ‘হামজা, হামজা’ স্লোগান দিয়ে তাকে উৎসাহ দেন। দলের হয়ে সর্বোচ্চ চেষ্টা করা এই অধিনায়কের প্রতি সমর্থকদের ভালোবাসা ও সমর্থনই যেন ফুটে ওঠে সেই মুহূর্তে।

২০০৫ সালের পর প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। এমন হতাশার রাতেও দলের ঐক্য ধরে রাখার বার্তাই দিয়েছেন হামজা। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191048