রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুই শ্রমিককে হত্যা

 রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুই শ্রমিককে হত্যা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চলন্ত বাস থেকে কন্ডাক্টর ও হেলপার মিলে দুই যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে চাকায় পিষে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো জন যাত্রী আহত হয়েছেন। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিয়ারগলা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে লাশ দুটি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে রয়েছে। 

নিহতরা হলেন, নীলফামারীর সদর উপজেলার চড়াই খোলা গ্রামের কানু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে শাকিল (২৮)। তারা কুমিল্লায় একটি নির্মাণধীন প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার রাতে কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের বাসে বাড়িতে ফিরছিলেন ওই গ্রামের বেশ কয়েকজন। রংপুরের পাগলাপীর এলাকায় এসে বাসের কন্ডাক্টর ও হেলপারের সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারাগঞ্জ এলাকায় এসে কন্ডাক্টর ও হেলপার মিলে বাসের যাত্রী মুকুল, শাকিল ও আতিকুল ইসলামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মুকুল ও শাকিল মারা যান। আতিকুল ইসলাম গুরুতর আহত হন। 

এসময় স্থানীয়রা মোবাইল ফোনে খিয়ারজুম্মা বাজার এলাকায় ফোন দিয়ে বাসটি আটক করতে বললে বাজার এলাকার লোকজন বাসটিকে আটক করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কমীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা মুকল ও শাকিলকে মৃত্যু ঘোষণা করেন। 
এ দিকে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা এসে উত্তেজিত হয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছের গুড়ি দিয়ে মহাসড়ক আবরোধ করেন। এ খবর লেখা পর্যন্ত নিহতের স্বাজনেরা মহাসড়ক অবরোধ চলছিল। 

তারাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোস্তাফিজার রহমান দুই যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত এবং ঘাতক বাসকে আটক করার কথা স্বীকার করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191043