বাংলাদেশ চাপ নিয়ে খেলার কারণে ভুল করেছে, শ্রাবণের ভুল অপ্রত্যাশিত : ক্রীড়া প্রতিমন্ত্রী
স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষ মুহূর্তের গোলে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ৮৫ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতা থাকলেও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে বল পেয়ে গোল করেন পাকিস্তানের আব্দুল সামাদ। এতে প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠেছে পাকিস্তান। বাংলাদেশের এমন বিদায়ে হতাশা প্রকাশ করলেও দলকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ম্যাচ শেষে মিক্সড জোনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুল হক বলেন, শেষ দিকে গোল হজম করায় তারা আশাহত হয়েছেন। গোলরক্ষকের ভুলটি না হলে ভালো হতো। এ ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ভুল অপ্রত্যাশিত। তবে একটি ম্যাচের ফল দিয়ে দেশের ফুটবলের সামগ্রিক ব্যর্থতা বিচার করা ঠিক নয়। দল ধীরে ধীরে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।
বাংলাদেশের শুরু থেকেই অতিরিক্ত চাপ নিয়ে খেলার বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে খেলা দেখিয়েছিল, পাকিস্তানের বিপক্ষে তা পারেনি। জিততেই হবে—এমন মানসিক চাপের কারণে খেলোয়াড়দের পাসিং, প্রেসিং ও আক্রমণে ঘাটতি ছিল। অন্যদিকে পাকিস্তান সুযোগের অপেক্ষায় থেকে শেষ মুহূর্তে তা কাজে লাগিয়েছে।
আমিনুল হক আরও বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের গোল করার আশা ছিল। কিন্তু ছোট একটি ভুলে ম্যাচের ফল বদলে গেছে। এ নিয়ে হতাশ না হয়ে পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়া উচিত।
বাংলাদেশের বিদায়ের ফলে আগামী ১৭ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে ফাইনালে বাংলাদেশের অনুপস্থিতিতে দর্শকদের উন্মাদনা ও প্রতিযোগিতার আকর্ষণ অনেকটাই কমে গেছে বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191027