জামালপুরের সেই বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করল ডিসপোজাল ইউনিট

জামালপুরের সেই বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করল ডিসপোজাল ইউনিট

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে পাওয়া বোমাসদৃশ বস্তুটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে এটি নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় জামালপুর রেলওয়ে ওভারপাসের ওপর লাল স্কচটেপে মোড়ানো বস্তুটি দেখতে পান স্থানীয়রা। এর দুই পাশে বৈদ্যুতিক তার থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন এবং ওভারপাসে যান চলাচল বন্ধ করে দেন।

পরে বস্তুটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। মেজর শাহীনের নেতৃত্বে দলটি ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে বিস্ফোরণ ঘটিয়ে বস্তুটি নিষ্ক্রিয় করে। তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জানান, সন্ধ্যা থেকেই বস্তুটি ঘিরে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছিল। পুলিশ, এসআরবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। পরে ঘাটাইল থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করে। তবে বস্তুটি প্রকৃতপক্ষে বোমা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনাকে পতিত সরকারের দোসরদের দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার অংশ বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191026