ঠাকুরগাঁও সীমান্তের ওপারে দুই চিতাবাঘ, এপারে আতঙ্ক

ঠাকুরগাঁও সীমান্তের ওপারে দুই চিতাবাঘ, এপারে আতঙ্ক

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদের ওপারে দু’টি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেখা মিলেছে। গতকাল শুক্রবার ভোরে বাঘ দু’টির বিচরণের ছবি মুঠোফোনে ধারণ করেন কিশোর জুবায়ের আল আমিন। এরপর থেকেই সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এলাকাবাসীর ধারণা, বাঘ দুটি বাংলাদেশের সীমান্তবর্তী লোকালয়ের খুব কাছেই অবস্থান করছে।

নাগর নদ ভারত ও বাংলাদেশের সীমান্ত নির্ধারণ করায় নদটি পেরিয়ে বাঘ দুটি বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এ ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কৃষকরা ফসলের মাঠে যেতে ভয় পাচ্ছেন। পাশাপাশি গবাদিপশু ও নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন এলাকাবাসী। চা-বাগানের ঝোপঝাড়ে বাঘ দু’টি লুকিয়ে থাকায় সেগুলোর অবস্থান শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।

এলাকাবাসীর দাবি, বাঘ দু’টি যাতে কোনোভাবেই লোকালয়ে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। একই সাথে বন্যপ্রাণী দু’টি নিরাপদে নিজস্ব আবাসস্থলে ফিরে যায়, সে ব্যবস্থাও নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন তারা।

এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চিতাবাঘ দু’টি ভারতের সীমান্তের ভেতরে, অর্থ্যাৎ বাংলাদেশ সীমান্তের ওপারে অবস্থান করছে। তাই আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নেই। তবে সীমান্তবাসীকে সতর্ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191014