ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় নিজ নামে সিম কিনে বিকাশ একাউন্ট খোলার হিড়িক

ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় নিজ নামে সিম কিনে বিকাশ একাউন্ট খোলার হিড়িক

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে নিজ নামে সিম কিনে বিকাশ বা নগদ একাউন্ট খোলার হিড়িক পড়েছে। ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় নিজ নামে সিম কিনে বিকাশ বা নগদ একাউন্ট খোলার ধুম পড়েছে। চাহিদা বেড়ে যাওয়ায়  প্রতিটি সিম ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় বেচাকেনা হচ্ছে বলে জানা গেছে।

ফ্যামিলি কার্ডের জন্য পরিবার জরিপ শুরু হয়েছে। তথ্য সংগ্রহের সময় কর্মীরা নিজ নামে বিকাশ বা নগদ একাউন্ট সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। যাদের নিজ নামে সিম ও মোবাইল ব্যাংকিং একাউন্ট নেই তাদের নিজ নামে সিম কিনে বিকাশ বা নগদ একাউন্ট খোলার পরামর্শ  দেওয়া হচ্ছে। এ কারণে নিজ নামে সিম কিনে বিকাশ বা নগদ একাউন্ট খোলার হিড়িক পড়েছে।

রংপুরের মিঠাপুকুর উপজেলার কাশিপুর গ্রামের গৃহিণী বেবি  রাণী (ছদ্মনাম) জানান, তথ্য সংগ্রহকারীরা তাকে নিজ নামের সিমে বিকাশ বা নগদ একাউন্ট খুলে নিতে তাগাদা দেন। তাই  তিনি ২৫০ টাকায় গ্রামীণ সিম কিনে বিকাশ একাউন্ট খুলে নিয়েছেন। উপজেলা সদর বাজারের সিম বিক্রেতা উজ্জ্বল মিয়া জানান, চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিটি সিম ২৫০ টাকা থেকে ৩০০ টাকা দরে বেচাকেনা চলছে।

তার দেওয়া তথ্য মতে, তিনি ২০ টি সিমের অর্ডার দিয়ে পেয়েছেন ৫টি সিম। যে সকল পরিবার ফ্যামিলি কার্ড পাবে না, তারাও সিম কিনে বিকাশ একাউন্ট খুলে নিচ্ছেন বলে জানান মমিনুল মন্ডল নামে একজন সিম বিক্রেতা। তিনি  জানান কয়েকদিন আগেও  মাইকিং করে গ্রামীণ সিম ৬০ টাকা থেকে ৮০ টাকা দরে বেচাকেনা করা হয়েছে। বর্তমানে প্রতিটি গ্রামীণ সিম ৩০০ টাকা দরে বেচাকেনা চলছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত কারিগরি কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, যে সকল পরিবারের প্রধান নারী শুধু তাদেরই নিজ নামে সিম ও বিকাশ একাউন্ট সংগ্রহ করতে বলা হয়েছে। তবে অনেকেই ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় নিজ নামে সিম কিনে বিকাশ বা নগদ একাউন্ট খুলে নিচ্ছেন বলে শুনেছি।

এদিকে কতিপয় সুযোগ সন্ধানী ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং খরচ বাবদ এক হাজার থেকে দেড়হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রংপুরের মিঠাপুকুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা.  এ জেড এম জাহিদ বলেছেন, ফ্যামিলি কার্ডের জন্য কাউকে ৫ টাকাও দিতে হবে না। যে পাওয়ার তার বাড়িতে কার্ড পৌঁছে দেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191008