বগুড়ার দুপচাঁচিয়ায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমনের সোনালি শীষ, শিলাবৃষ্টিতে কিছু ফসল মাটিতে মিশে গেছে
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন আমন ধানের সোনালী শীষ। মাঠে মাঠে সোনালী ধানের শীষে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। আর কয়েকদিনের মধ্যেই মাঠের ধানগুলো পুরোদমে কাটা-মাড়াই শুরু হবে। এরই মাঝে গত মঙ্গলবার রাতে ঝড়ের সাথে শিলাবৃষ্টিতে কিছু ফসল মাটিতে মিশে গেছে। এতে কৃষকরা ফসলের ক্ষতির আশঙ্কা করছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বিস্তির্ণ মাঠ জুড়ে আমন ধানের সোনালী শীষ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলার ৬টি ইউনিয়ন আর দু’টি পৌরসভায় প্রায় ১১ হাজার ৬ শত ২০ হেক্টর জমিতে ধানের চাষ করা হয়েছে। এবার এ ধানের মৌসুমে শুরু থেকে আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকরা রোপা-আমন চাষে কোনো সমস্যায় পড়েনি।
বিশেষ করে বীজতলা থেকে ধানের চারা রোপণ করা, পরিচর্চাসহ সব মিলিয়ে মাঠে-মাঠে কৃষকের সোনালী ধানের সমারোহ এখন দর্শনীয় হয়ে উঠেছে। এরই মাঝে অনেক কৃষক ধান কাটা-মাড়াই শুরু করেছেন। গোবিন্দপুর ইউনিয়নের শেরপুর গ্রামের কৃষক আব্দুল মোমেন মল্লিক, শহিদুল প্রামানিক, শাহজাহান আলী মাস্টার মোখলেছ প্রামানিকসহ অনেকেই জানান, কৃষি অফিসের পরামর্শে যথাযথভাবে পরিচর্যা করায় জমিতে ধান ভালো হয়েছে।
ইতিমধ্যে পাকা ধান কাঁটতে শুরু করেছেন। তবে গত ৩দিন পূর্বে শিলাবৃষ্টির কারনে পাকা ধানের বেশ কিছু ক্ষতিও হয়েছে। অনেক ধানগাছ মাটিতে মিশে গেছে। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৬শ’ ২০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
যা অর্জিতও হয়েছে। ধানের চারা রোপণের শুরু থেকেই ভালো মানের বীজ জমির উর্বরতা বৃদ্ধির প্রয়োজনীয় প্রদক্ষেপ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছেন। যদিও এখনও ধান কাটা-মাড়াই শুরু হয় নাই। এরই মাঝে যে সব এলাকা ধান পেকেছে সেখানে ধান কাটা-মাড়াইয়ের শুরু করেছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত উপজেলায় প্রায় ১০ হেক্টর জমিতে ধান কাটা-মাড়াই হয়েছে। গত মঙ্গলবার রাতের শিলাবৃষ্টিতে কিছু জমির ফসল মাটিতে শুয়ে গেলেও তেমন কোন ক্ষতি হবেনা। কৃষকদের মাটিতে শুয়ে যাওয়া ফসলগুলো বেঁধে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জমিতে জমে থাকা বৃষ্টির পানি শুকিয়ে গেলেই পুরোদমে ধান কাটা-মাড়াই শুরু হবে বলেও তিনি জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190994