বগুড়ার নন্দীগ্রামে আগুনে পুড়ে বিএনপি নেতার বাড়ির ৬টি কক্ষ ভস্মীভূত, ক্ষতি ২০ লাখ টাকা

বগুড়ার নন্দীগ্রামে আগুনে পুড়ে বিএনপি নেতার বাড়ির ৬টি কক্ষ ভস্মীভূত, ক্ষতি ২০ লাখ টাকা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে অগ্নিকান্ডে এক বিএনপি নেতার বসতবাড়ির ছয়টি কক্ষ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে ঘরে থাকা আসবাবপত্র, ধান-চাল, সরিষা, জমির দলিল ও নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

তাদর অভিযোগ, শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বাড়িতে আগুন দেওয়া হয়েছে। গত শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের টাকুরাই গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডলের।

বাবলু মন্ডল জানান, একই বাড়িতে তিনি ও তার ভাই সাহেব আলী বসবাস করেন। গত শুক্রবার দুপুরে নামাজ শেষে তারা খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় হঠাৎ বাড়ির দোতলায় আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দোতলার ছয়টি কক্ষে। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তিনি আরও জানান, দোতলায় সংরক্ষিত ধান, চাল, ড্রামভর্তি সরিষা, জমির দলিল এবং নগদ তিন থেকে চার লাখ টাকা ছিল।

আগুনে এসব মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাদের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে কেউ পরিকল্পিতভাবে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তা নেভানোর চেষ্টা করেন।

পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। এ বিষয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বাবু বলেন, প্রাথমিকভাবে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বিষয়টি খতিয়ে দেখা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190992