তাহিয়্যাতুল মসজিদ নামাজের ফজিলত
নবীজি (আ.) জীবনে ও সাহাবায়ে কেরামের জীবনে দুখুলুল মসজিদ বা মসজিদে প্রবেশ করে মসজিদের সম্মানে দুই রাকাত নামাজ আদায়ের গুরুত্ব ও চর্চা ছিল অনেক বেশি। এ সম্পর্কে আবু কাতাদা আল-আনসারী (রা.) থেকে সহিহ মুসলিম ও সহিহ বুখারীসহ অন্যান্য কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, একবার নবী করিম (সা.) সাহাবিদের মধ্যে মসজিদে বসেছিলেন, এর মধ্যে আমি মসজিদে প্রবেশ করে তাদের সঙ্গে বসে পড়লাম। তখন নবী (সা.) আমাকে লক্ষ্য করে বললেন, ‘মসজিদে প্রবেশের পর যে দুই রাকাত সালাত আদায় করার কথা ছিল, তুমি সেই সালাত আদায় না করে কেন বসে পড়লে?’
তখন আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল! আপনি এবং অন্যরা সবাই বসা অবস্থায় আছেন, সেজন্য প্রবেশ করে সবার সঙ্গে বসে যাওয়াটাকেই আমার সৌজন্যতা মনে হয়েছে।’ সাহাবির এ ধরনের বক্তব্য শোনার পর নবী (সা.) তাকে লক্ষ্য করে বললেন, ‘তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে, তবে সে যেন দুই রাকাত সালাত আদায় করা ছাড়া না বসে।’
মসজিদ যেহেতু আল্লাহর ঘর এবং আল্লাহ তাআলা মসজিদকে নিজের দিকে সম্বন্ধ করে বলেছেন যে মসজিদসমূহ আল্লাহর, মসজিদ আল্লাহর ইবাদতের জন্য বিশেষভাবে নির্ধারিত, তাই মসজিদে প্রবেশের পর আল্লাহর ইবাদতে লুটিয়ে পড়া আমাদের কর্তব্য।
ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানি (রহ.) ‘ফতহুল বারি’ গ্রন্থে একই সাহাবি থেকে আরেকটি বর্ণনা উল্লেখ করেছেন, যেখানে নবীজি (সা.) বলেছেন, তোমরা মসজিদের হক আদায় করো। জিজ্ঞাসা করা হলো, মসজিদের হক আবার কী? তখন তিনি বললেন, মসজিদের হক হলো মসজিদে প্রবেশের পর দুই রাকাত নামাজ আদায় করা ছাড়া না বসা।
অথচ এই সুন্নাহটির চর্চা আমাদের সমাজ থেকে অনেকখানি হারিয়ে গেছে। আমরা অনেকে জানিই না যে দুখুলুল মসজিদ জিনিসটা কী, আর যারা জানি তারা শেষ কবে এই সালাত আদায় করেছি তা হয়তো বলতে পারব না। আমাদের সমাজে অনেকে শুধু জুমার দিন দুখুলুল মসজিদের নামাজ আদায় করেন। অথচ যতবারই আমরা মসজিদে প্রবেশ করব, ততবারই এটি আদায় করা উচিত। ইমাম নববী ও ইমাম আইনিসহ বিশ্ববিখ্যাত বড় বড় মুহাদ্দিস এবং ফকিহগণ একমত পোষণ করেছেন যে, মসজিদে প্রবেশের পর দুই রাকাত নামাজ আদায় করে তারপর অন্যান্য কার্যক্রম শুরু করতে হবে। সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে এটি সুন্নাহ, আবার কোনো কোনো ইমামের মতে এটি রীতিমতো ওয়াজিব।
কখনো যদি কেউ মসজিদে প্রবেশের পর ভুলে বসে পড়েন এবং বসার পরপরই তার মনে পড়ে বা কেউ তাকে স্মরণ করিয়ে দেন, তবে তৎক্ষণাৎ তিনি দাঁড়িয়ে সেই সালাত আদায় করে নেবেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলে আর দুখুলুল মসজিদের ফজিলত পাওয়া যাবে না। জুমার দিন খুতবা চলাকালীন সময়ে কেউ মসজিদে প্রবেশ করলে তিনি দুখুলুল মসজিদ আদায় করতে পারবেন কি না এ নিয়ে দুটি মত রয়েছে। ইমাম আবু হানিফা ও ইমাম মালেকের (রহ.) মতে, খুতবা চলাকালে প্রবেশ করলে এই নামাজ পড়বে না, বরং বসে মনোযোগের সাথে খুতবা শুনতে হবে। পক্ষান্তরে ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইমাম শাফেঈর (রহ.) মতে, খুতবা চলাকালীন সময়ে প্রবেশ করলেও দুখুলুল মসজিদ আদায় করে তারপর খুতবা শুনতে হবে।
নামাজ আদায়ের নিষিদ্ধ সময়ে (যেমন সূর্যোদয়, সূর্যাস্ত, ঠিক মধ্যাকাশ অবস্থান, আসরের পর বা ফজরের ফরজ সালাতের পর) মসজিদে প্রবেশ করলে কী করতে হবে? ইমাম আবু হানিফা, ইমাম মালেক ও ইমাম আহমদ ইবনে হাম্বলের (রহ.)-সহ সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো, এমন নিষিদ্ধ সময়ে আমরা দুখুলুল মসজিদে নামাজ আদায় করব না; হয় বসে পড়ব, না হয় নিষিদ্ধ সময় পার হওয়ার পর আদায় করব। আর ইমাম শাফেঈ (রহ.) ও বর্তমান সৌদি ওলামায়ে কেরামের মত হলো, যেহেতু এই নামাজ মসজিদে প্রবেশের কারণে প্রযোজ্য হয়, তাই নিষিদ্ধ সময়েও তা আদায় করা যাবে।
মসজিদে প্রবেশের পর যদি কেউ দুখুলুল মসজিদ আদায় না করে সরাসরি ফরজ বা সুন্নতে মুয়াক্কাদা নামাজ শুরু করে দেন, তবে কি দুখুলুল মসজিদের হক আদায় হবে? এর উত্তর হলো হ্যাঁ, হবে। অর্থাৎ আপনি সরাসরি ফরজ বা সুন্নতে মুয়াক্কাদা নামাজ শুরু করে দিলেও মসজিদের সম্মানার্থে নামাজ আদায়ের নির্দেশনা বাস্তবায়ন হয়ে যাবে। তবে হাতে পর্যাপ্ত সময় থাকলে আগে দুই রাকাত দুখুলুল মসজিদ আদায় করে তারপর অন্য নামাজে মশগুল হওয়াটাই সবচেয়ে উত্তম। আসুন, আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নবীজির এই গুরুত্বপূর্ণ সুন্নাহটি জীবনে বাস্তবায়ন করার এবং সমাজে এর চর্চা ও জানাশোনা বৃদ্ধি করার চেষ্টা করি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190987