তবুও দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন দীপা খন্দকার
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নাট্যাঙ্গনে এই সময়ে অন্যতম আলোচিত অভিনেত্রী দীপা খন্দকার। বিশেষত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকে ফুফু চরিত্রে অভিনয়ের পর দীপা খন্দকারের অভিনয় ক্যারিয়ারের ইউটার্ন যেমন হয়েছে ঠিক তেমনি তিনি নতুন করে ক্যারিয়ারের এই সময়ে এসেছেন তুমুল আলোচনায়। দীপা’র মাঝে বাংলাদেশের তরুন দর্শকেরা অনেকেই তাদের হারানো ফুফুকেও খুঁজে পেয়েছেন।
একটি নাটকের পজিটিভ চরিত্র দর্শকের মনে কতোটা যে প্রভাব বিস্তার করতে পারে তা নতুন করে জানান দিয়েছেন পরিচালক রাজ তার ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ফুফু চরিত্রটির মধ্যদিয়ে। দর্শক এই ফুফকে এতোটাই ভালোবেসেছেন যে কিছুদিন আগে রাজেরই পরিচালনায় নির্মিত প্রচারে আসা নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’তে দীপা খন্দকার অভিনীত চরিত্রটি নেগেটিভ হলেও দর্শক চরিত্রটি বেশ ভালোভাবেই গ্রহন করছেন। ইউটিউবে প্রচারিত নাটকের মন্তব্যের ঘরে কিংবা ফেসবুকে প্রকাশিত বিভিন্ন রিলসে দীপা অভিনীত চরিত্র রুকাইয়া’কে নিয়ে তেমন কোনো নেগেটিভ মন্তব্যও করছেন না। অর্থাৎ দর্শক যে দীপাকে ভালোবেসেছিলে ‘এটা আমাদেরই গল্প’ নাটকে অভিনয়ের জন্য। সেই দীপাকে ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয়ে দেখেও ভালোবাসার কারণে তা নিয়ে মন্তব্য করা থেকে দূরে থাকছেন দর্শক। দীপা খন্দকার বলেন,‘ রুকাইয়া চরিত্রটি যেহেতু নেগেটিভ। তাই নাটকটি নিয়ে আমিও কিছুটা চিন্তায় ছিলাম যে প্রচারে এলে দর্শকের রেসপন্সটা কেমন হতে পারে। কিন্তু এরইমধ্যে বেশকিছু পর্ব প্রচারিত হয়েছে। দর্শক আমার চরিত্রের নেগেটিভ দিক নিয়ে তেমন কিছু বলছেন না। সত্যি বলতে কী ফুফু চরিত্রে অভিনয়ের জন্য আমি বাংলাদেশের নাটকপ্রেমী দর্শকের এতো ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসার কারণেই তারা নেগেটিভ চরিত্রটিও সুন্দরভাবেই গ্রহন করছেন। একজন শিল্পী হিসেবে এখানেই আমার স্বার্থকতা যে দর্শক তাদের প্রিয় শিল্পীকে ভালোবাসার শিল্পীকে সুন্দর চরিত্রেই অভিনয়ে দেখতে চায়। নেগেটিভ হলেও তা কষ্ট করে মানিয়ে নেন, মেনে নেন। আমি দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষভাবে কৃতজ্ঞ পরিচালক রাজের প্রতি।’
এদিকে দীপা জানান, আগামী এক সপ্তাহ পর রাজেরই আরেকটি একক নাটকের কাজ করবেন। মহিদুল মহিমের ‘কেমন আছো’ নাটকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার। এ নাটকে আরো আছেন শিল্পী সরকার অপু, নাদেও ইরফান সাজ্জাদ, পার্থ সরকার, তানজিন তিশা। সাম্প্রতিক সময়ে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘জোছনায় ফেরা’ নাটকে অভিনয় করেও বেশ প্রশংসা কুঁড়িয়েছেন দীপা। এতে তার সহশিল্পী হিসেবে আছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190979