ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়ানী ইউনিয়নের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই ছাত্রী মাদ্রাসায় যায়। ছুটির পর বাড়ি ফিরে সে মায়ের কাছে শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে। পরে শিশুটির মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান।

এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে শিক্ষক সাইফুলকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, ‌‘ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে স্থানীয় লোকজন ওই শিক্ষককে মারধর করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190977