হাবিব, ইমরানের সঙ্গে গান আনিসার জীবনের বিশেষ প্রাপ্তি
অভি মঈনুদ্দীন ঃ আতিয়া আনিসা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের অন্যতম শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। তার কন্ঠে প্রকাশিত বেশকিছু মৌলিক গান পেয়েছে জনপ্রিয়তা। সিনেমার গানে তুমুল জনপ্রিয়তা পেয়ে তিনি শ্রোতা দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। সিনেমায় গান গেয়ে শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বাংলাদেশের আধুনিক গানে যে গুনী সঙ্গীতশিল্পী এক বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছিলেন সেই হাবিব ওয়াহিদের সুরে হাবিব ওয়াহিদের সঙ্গে বেশকিছু গান গেয়েছেন আতিয়া আনিসা।
আবার এই প্রজন্মের অপ্রতিদ্বন্দ্বী সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গেও বেশকিছু গান গেয়েছেন আতিয়া আনিসা। ইমরানের সুর সঙ্গীতেও গান গেয়েছেন আনিসা। হাবিব ওয়াহিদের সুরে আতিয়া আনিসা গেয়েছেন ‘হোক বাড়াবাড়ি’,‘ কোন খেয়ালে’,‘ ঘোর কেটে যায়’,‘ চাই কাছে তোকে’ এবং ‘তোর আদরে ’ গানগুলো গেয়েছেন। সবগুলো গানে আতিয়া আনিসার সঙ্গে দ্বৈতকন্ঠে গেয়েছেনও হাবিব।
অন্যদিকে ইমরান মাহমুদুলের সঙ্গে আতিয়া আনিসা এখন পর্যন্ত তেরোটি গান গেয়েছেন। যারমধ্যে ছয়টি গানের সুর ইমরানের। বাকী গানগুলো অন্যদের সুর করা। ইমরান ও আতিয়া আনিসার প্রথম গান ছিলো ২০১৯ সালে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত ‘মেঘেরই খামে’ গানটি। এই গানের সুর সঙ্গীত ইমরানের। অন্য গানগুলো হচ্ছে ‘কী মায়া দিয়েছো তুমিগো আমারে’,‘ তুই আমার’,‘ যদি একদিন’,‘ আমি আর তুই’,‘ আমি তোমার প্রেমে পড়েছি’,‘ ছেড়ে যাবো কোথায়’ ইত্যাদি। আতিয়া আনিসা বলেন,‘ কিছু মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একজন শিল্পীর জীবনে বিশেষ প্রাপ্তি হয়ে থাকে। হাবিব ভাইয়া ও ইমরান ভাইয়া। দ’ুজনই আমার অত্যন্ত পছন্দের, শ্রদ্ধার ও ভালোবাসার মানুষ। তাঁদের সঙ্গে কাজ করার এবং তাঁদের সৃষ্টির অংশ হতে পারা আমার জন্য সত্যিই আনন্দের। দ’ুজন গুণী সংগীতজ্ঞের সঙ্গে কাজ করার এই অভিজ্ঞতা আমার সংগীতজীবনের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। তাঁদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।’
আতিয়া আনিসা ২০১৭ সালের সেরাকন্ঠ এবং ২০১৮ সালের সারেগামাপা’তে অংশগ্রহন করা মেধাবী শিল্পী। আনিসা এখন পর্যন্ত বেশকিছু সিনেমাতে গান গেয়েছেন (প্লে-ব্যাক)। যারমধ্যে ‘পরাণ’ সিনেমায় তার কন্ঠের ‘চলো নিরালায়’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। ‘পায়ের ছাপ’ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানটি গাওয়ার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190976