অর্চি’র ভালোবাসায় সিক্ত মৌ

অর্চি’র ভালোবাসায় সিক্ত মৌ

অভি মঈনুদ্দীন ঃ গত ১২ নভেম্বর ছিলো এই প্রজন্মের দর্শকপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌয়ের জন্মদিন। দিনটিতে মৌসুমী মৌ তার ভক্ত, দর্শক, শুভাকাঙ্খী এবং তার কর্মস্থলের বহু মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। ১২ নভেম্বর দিনটা যেন এবার মৌসুমী মৌয়ের ক্ষেত্রে একটু বেশিই বিশেষ হয়ে উঠেছিলো সবার ভালোবাসায় এবং শুভেচ্ছা বাণীতে। তবে এই প্রজন্মের আরেক নন্দিত উপস্থাপিকা অর্চি রহমান মৌসুমী মৌ’কে নিয়ে কিছু চমৎকার কথা লিখেছেন।

অর্চি রহমান মৌসুমী মৌ’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,‘ ১২ নভেম্বরকে আমি মৌ দিবস বলি, উদযাপনের একটি দিন। কারণ আমার আদরের ভালোবাসার মৌ এর জন্মদিন। যদিও বছরে একবারই এই দিনটা আসে, কিন্তু আমার কাছে ওর সঙ্গে কাটানো প্রতিটা দিনই একেকটা মৌ দিবস! ওর সঙ্গে কেউ যদি চব্বিশ ঘণ্টা কাটানোর সুযোগ পায়, তাহলে বুঝতে পারবে একটা মানুষ একটা দিনে কত কিছু করতে পারে, কত ঘটনা (অঘটন) ঘটাতে পারে! সত্যি বলতে, একটা দিনে এত কিছু করা সম্ভব, সেটা ওকে না দেখলে আমিও জানতাম না! আমি এই একজন মানুষকেই জানি যার মধ্যে মাত্র পনেরো মিনিটের ব্যবধানে পাগলামি, হাসি, কান্না, গল্প, আবদার, অভিমান সব মিলিয়ে সব ইমোশন একসঙ্গে দেখতে পাওয়া যায়!! কখনো বন্ধু, কখনো বোন, কখনো সবচেয়ে কাছের মানুষ, আবার কখনো আমার মাথা খারাপের কারণ সে! তবে যাই হয়ে যাক না কেন দিন শেষে আমরা একে অন্যের কাছে ফিরে আসি,ফিরতেই হয় কেননা আমরা একে অপরের জীবনের অনেক বড় একটা অংশ জুড়ে আছি,থাকবো। আমাদের সব দিনের, ছবির অন্তরালে অনেক গল্প থাকে, থাক সেগুলো যত্নে।তবে আমাদের জীবনের একটা থিম সং আছে...‘হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা’। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। জীবন সুন্দর হোক,শুভ হোক, আনন্দে বাঁচো! শুভ জন্মদিন, মৌ।’

অর্চি রহমানের এমন আবেগঘন স্ট্যাসের জবাবে মৌসুমী মৌ লিখেছেন, ‘আপু আপনি পোস্ট লেখার সময় কখন পেলেন। আমি জানি আমি পাগল কিন্তু আমি হয়তো বদ্ধ পাগল আর আপনি ভদ্র পাগল। পাগলে পাগলে জমেছে মেলা। ইনশাআল্লাহ আমরা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে আজীবন থাকবো। আর সারাজীবন আমি জ্বালাবো। অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা আপু!

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190973