সংসারে দূরত্ব ও ভুল বোঝাবুঝি এড়াতে যে ৪টি কাজ জরুরি
অনেক সম্পর্ক নষ্ট হয় কেবল একটি ভুল ধারণা থেকে। কেউ একটি কথা শুনল, তারপর নিজের মতো করে তার অর্থ দাঁড় করিয়ে নিল। ধীরে ধীরে সেই ধারণাই তার কাছে সত্য হয়ে উঠল। অথচ বাস্তবতা হয়তো সম্পূর্ণ ভিন্ন। এভাবে ভুল বোঝাবুঝি মানুষের মনে এমন এক বাস্তবতা তৈরি করে, যার সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল থাকে না।
কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, ‘হে ঈমানদারগণ,! তোমরা বেশির ভাগ ধারণা হতে দূরে থাক; নিশ্চয়ই কোনো কোনো ধারণা পাপ।’ (সুরা হুজুরাত: ১২)
আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কারণ ধারণানির্ভর কথাই সবচেয়ে বড় মিথ্যা।’ (সহিহ বুখারি: ৬০৬৬)
তাই ভুল বোঝাবুঝি থেকে বেঁচে থাকা জরুরি। এক্ষেত্রে চারটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে:
১. শোনা কথাকে সত্য ধরে নেওয়া যাবে না: কোনো ঘটনা সম্পর্কে শোনা আর প্রকৃত ঘটনা জানা এক বিষয় নয়। একজন মানুষ নিজের দৃষ্টিভঙ্গি, স্মৃতি, আবেগ ও পছন্দ-অপছন্দের প্রভাব নিয়ে অন্যের কাছে ঘটনা তুলে ধরে। যার কারণে বর্ণনায় অনেক সময় বাস্তবতার চেয়ে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিই বেশি গুরুত্ব পায়।
তাই কারও সম্পর্কে নেতিবাচক কোনো কথা শুনলেই তার ওপর চূড়ান্ত ধারণা তৈরি করা উচিত নয়। সুযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য সরাসরি শুনতে হবে। তথ্য যাচাইয়ের আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলা ন্যায়সংগত নয়। সঠিক পদ্ধতি হলো, আগে তথ্য সংগ্রহ করা, তারপর সিদ্ধান্তে পৌঁছানো।
২. ভুল প্রমাণিত হলে নিজের ধারণা সংশোধন করতে হবে: মানুষ ভুল বুঝতে পারে। কিন্তু ভুল বুঝেছে জানার পরও সেই ধারণা আঁকড়ে ধরে থাকা আরও বড় সমস্যা। কারও সম্পর্কে মন্দ ধারণা পোষণ করার পর যদি জানা যায়, ধারণাটি ভুল ছিল, তাহলে তা মন থেকে সরিয়ে ফেলতে হবে। প্রয়োজন হলে প্রকাশ্যেই স্বীকার করতে হবে, ‘আমি ভুল বুঝেছিলাম।’
এ ক্ষেত্রে অহংকার বড় বাধা। মানুষ নিজের ভুল স্বীকার করতে অস্বস্তি বোধ করে। যার কারণে সত্য সামনে আসার পরও পুরোনো ধারণাকে রক্ষা করার চেষ্টা করে। অথচ ভুল সংশোধন না করলে তা একসময় বিদ্বেষে পরিণত হতে পারে। তাই নিজের ভুল বুঝতে পারার পর তা স্বীকার করার মানসিকতাও গড়ে তুলতে হবে।
৩. সিদ্ধান্ত নেওয়ার আগে যথাযথভাবে অনুসন্ধান করতে হবে: অনেক ভুল বোঝাবুঝির শুরু হয় অস্পষ্ট তথ্য থেকে। কারও বক্তব্য মূল প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে সামনে আসে। কেউ একটি আচরণ দেখে তার অন্তরের অবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলে। আবার একজনের কাছ থেকে শোনা কথা কয়েকজনের মুখ ঘুরে এমন রূপ নেয়, যার সঙ্গে মূল ঘটনার খুব সামান্যই সম্পর্ক থাকে।
এ কারণে কোনো বিষয়ে মতামত দেওয়ার আগে পূর্ণাঙ্গ অনুসন্ধান জরুরি। তথ্যটি সম্পূর্ণ কি না, বক্তব্যের প্রেক্ষাপট জানা হয়েছে কি না, অন্য পক্ষের কথা শোনা হয়েছে কি না—এসব যাচাই করতে হবে। নিজের ব্যাখ্যা ও বাস্তব তথ্যকে আলাদা করে দেখতে হবে। এসবের সুযোগ না থাকলে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখাই বুদ্ধিমানের কাজ।
৪. ভিত্তিহীন অভিযোগের দায় নিজের ওপর ফিরে আসতে পারে: ভুল বোঝাবুঝির সবচেয়ে গুরুতর দিক হলো, এর নৈতিক দায় অনেক সময় অভিযোগকারীর ওপরই বর্তায়। আপনি কারও মধ্যে এমন কোনো দোষ আছে বলে ধারণা করলেন, যা বাস্তবে তার মধ্যে নেই। তখন সেই অভিযোগের দায় আপনাকেই বহন করতে হতে পারে।
হাদিস থেকে জানা যায়, যখন কোনো ব্যক্তি অন্য কাউকে কাফের বলে, অথচ সে বাস্তবে তেমন নয়, তখন সেই কথা তার নিজের দিকেই ফিরে আসে। (সহিহ বুখারি: ৬১০৪)
এই হাদিস ভিত্তিহীন অভিযোগের ভয়াবহতা স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে কাউকে ধর্মীয় বা নৈতিক অপরাধে অভিযুক্ত করার আগে যথেষ্ট সতর্ক থাকা জরুরি। বাস্তবতা সমর্থন করে না—এমন অভিযোগ মানুষের সম্মানহানি করে এবং অভিযোগকারীকেও নৈতিক দায়ের মুখোমুখি করে।
মানুষের পক্ষে সবকিছু জানা সম্ভব নয়। কিন্তু না জেনে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা সম্ভব। তাই শুনতে হবে, যাচাই করতে হবে, ভুল হলে সংশোধন করতে হবে এবং অভিযোগ করার আগে প্রমাণের যথার্থতা নিশ্চিত করতে হবে। অনেক সময় নীরব থাকা কিংবা সিদ্ধান্ত স্থগিত রাখাই প্রজ্ঞার পরিচয়। কারণ একটি ভুল ধারণা অন্যায়ভাবে কাউকে অভিযুক্ত করার পাশাপাশি নিজের জন্যও নৈতিক বিপদ তৈরি করতে পারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190965