মাঠে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, গোলরক্ষক নিষিদ্ধ ১২ ম্যাচ!
স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে সংঘর্ষের পর প্রতিপক্ষের খেলোয়াড়ের মৃত্যুর ঘটনায় শাস্তি পেয়েছেন এফসি অ্যান্ডোরার গোলরক্ষক হেসুস ওনোও। স্পেনের ফুটবল ফেডারেশন তাকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। গত ২ নভেম্বর দ্বিতীয় বিভাগের ম্যাচে টেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেলের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর লাল কার্ড দেখেছিলেন ২৫ বছর বয়সী এই গোলরক্ষক। পরদিন মারা যান ৩০ বছর বয়সী দে মিগেল।
ফেডারেশনের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, সর্বোচ্চ মেয়াদের নিষেধাজ্ঞাই এই ঘটনার জন্য যথাযথ। রেফারির প্রতিবেদনে বলা হয়েছে, ওনোও অতিরিক্ত শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষের বুকে আঘাত করেছিলেন। কমিটির সিদ্ধান্তে সেই প্রতিবেদনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। ম্যাচটি ২-২ গোলে সমতায় থাকা অবস্থায় যোগ করা সময়ের সপ্তম মিনিটে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচটি আর আয়োজন করা হবে না। ফেডারেশন জানিয়েছে, মর্মান্তিক পরিস্থিতি বিবেচনায় ম্যাচের ফল বহাল রাখাই সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত।
ফুটবলে ওনোওর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার এফসি অ্যান্ডোরার কোচ কার্লেস মানসো জানিয়েছেন, ইকুয়েটোরিয়াল গিনির এই আন্তর্জাতিক ফুটবলার বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আবার কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি।
মানসো বলেন, ক্লাব গোলরক্ষকের পাশে থাকবে। কবে এবং কখন তিনি আবার ক্যারিয়ার শুরু করার মতো মানসিক প্রস্তুতি নিবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে প্রয়োজনীয় সময় ও সুযোগ দেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190950