তুরস্ক-কাতারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

তুরস্ক-কাতারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একটি চুক্তি স্বাক্ষর করেছে। শুক্রবার ইস্তাম্বুলে দুই দেশের নেতাদের বৈঠকের পর চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর আওতায় কোনো দেশ বাইরের কোনো সশস্ত্র হামলার শিকার হলে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশ। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়ার বিষয়েও একমত হয়েছে তারা।

ইস্তাম্বুলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠকের সময় চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্ক ও কাতারের সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির দ্বাদশ অধিবেশন শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি দুই দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি আরও নিরাপদ ও স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে তাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে।

চুক্তি অনুযায়ী, দুই দেশ নিজেদের নিরাপত্তার জন্য হুমকি, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিরক্ষা নীতি নিয়ে পরস্পরের সঙ্গে পরামর্শ করবে। এছাড়া যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং সামরিক সদস্যদের প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। তুরস্কের প্রেসিডেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, এরদোয়ান বলেছেন, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকানো, আলোচনার পরিবেশ তৈরি এবং শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ একসঙ্গে কাজ চালিয়ে যাবে।

যৌথ বিবৃতিতে জ্বালানি খাতেও সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যে সহযোগিতা এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্সি জানিয়েছে, দুই দেশ জ্বালানি অংশীদারত্বের উন্নয়ন ও বৈচিত্র্য আনার পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কাজ করছে।

এর আগে গত আগস্টে মক্কায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী, কোনো একটি দেশের ওপর হামলা হলে তা তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। এর মধ্য দিয়ে অঞ্চলজুড়ে সংঘাতের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মিত্র তিনটি সুন্নি মুসলিম দেশ প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো তৈরি করে।

গত সপ্তাহে তুরস্কের পার্লামেন্ট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ অনুমোদন করেছে। এর ফলে সৌদি আরবকে সামরিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে আঙ্কারার পথ আরও সহজ হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবের ওপর চাপের মধ্যে এই চুক্তি অনুমোদন করা হলো। সূত্র : আনাদুলো এজেন্সি। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190922