চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচল শুরু
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ৩৬ মিনিটে রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেওয়ার পর রাত ৮টা ১৫ মিনিটে আবার আকাশসীমা খুলে দেওয়া হয়। অর্থাৎ, প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় পর দেশটির আকাশসীমায় বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।
হোয়াইট হাউজ থেকে দেওয়া এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা আবার খুলে দেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, বিমান চলাচল নিয়ন্ত্রণের কেন্দ্রগুলো এবং সংশ্লিষ্ট কার্যক্রম আবার সচল হয়েছে।
তবে আকাশসীমা খুলে গেলেই সব ফ্লাইট দ্রুত স্বাভাবিক সূচিতে ফিরবে না বলে সতর্ক করেন তিনি। ডাফির ভাষ্য, বিকেলে বিমান চলাচলে যে বিঘ্ন ঘটেছে, তার প্রভাব কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।
তিনি বলেন, এই পরিস্থিতির প্রভাব এক ফ্লাইট থেকে অন্য ফ্লাইটে ছড়িয়ে পড়বে। তাই চলতি সপ্তাহান্তের ফ্লাইটগুলোর পরিস্থিতিও পর্যালোচনা করা হচ্ছে, যাতে যত দ্রুত সম্ভব বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়।
ডাফি জানান, আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হলেও ফ্লাইট চলাচলে সৃষ্ট বিঘ্নের প্রভাব কয়েক দিন পর্যন্ত থাকতে পারে।
সূত্র: বিবিসি