সাগরে ডুবিয়ে দেওয়া হলো টাইটানিক থেকে বড় মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’

সাগরে ডুবিয়ে দেওয়া হলো টাইটানিক থেকে বড় মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’

বিশ্বের দ্রুততম সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’-এর বর্ণাঢ্য যাত্রার অবসান ঘটেছে। প্রায় এক হাজার ফুট দীর্ঘ ঐতিহাসিক জাহাজটিকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের তলদেশে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তর করা হয়েছে।

১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে নির্মিত জাহাজটি আকারে টাইটানিকের চেয়েও বড় ছিল। ১৯৫২ সালে প্রথম যাত্রাতেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে দ্রুততম যাত্রীবাহী জাহাজের রেকর্ড গড়ে এটি। মাত্র ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে ঘণ্টায় প্রায় ৬৬ কিলোমিটার গতিতে আটলান্টিক পাড়ি দিয়েছিল জাহাজটি। সেই রেকর্ড এখনো অক্ষত রয়েছে।

১৭ বছরের কর্মজীবনে জাহাজটিতে ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের চার সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, বিল ক্লিনটন, হ্যারি ট্রুম্যান ও ডোয়াইট আইজেনহাওয়ার। এ ছাড়া হলিউড তারকা মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর, মার্লন ব্র্যান্ডো এবং চিত্রশিল্পী সালভাদর দলির মতো ব্যক্তিত্বও এর যাত্রী ছিলেন। ১৯৬৯ সালে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন বন্ধ করে দেওয়া হয়।

কেন ডুবিয়ে দেওয়া হলো জাহাজটি?

দীর্ঘদিন ফিলাডেলফিয়ায় অচল অবস্থায় পড়ে থাকায় জাহাজটির রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যায়। ২০২১ সালে বন্দর কর্তৃপক্ষ দৈনিক মাশুল ১ হাজার ৭০০ ডলারে উন্নীত করলে অলাভজনক সংস্থা ‘এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেটরি’ সেই খরচ বহন করতে পারেনি।

পরে ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে জাহাজটি কিনে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির পরিকল্পনা নেয়। পরিবেশের ক্ষতি এড়াতে জাহাজটিকে বিষমুক্ত ও নিরাপদ করতে প্রায় এক বছর ধরে প্রস্তুতি চলে। এরপর টানা পাঁচ ঘণ্টা পানি প্রবেশ করিয়ে মেক্সিকো উপসাগরের তলদেশে ডুবিয়ে দেওয়া হয়।

কৃত্রিম প্রবালপ্রাচীরের নতুন সম্ভাবনা

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর তথ্য অনুযায়ী, সমুদ্রের তলদেশে ৩০ লাখের বেশি ডুবে থাকা জাহাজ রয়েছে, যেগুলোর অনেকগুলো সামুদ্রিক প্রাণীর আবাসস্থলে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের ‘রিগস টু রিফস’ কর্মসূচির আওতায় তেল উত্তোলন-কাঠামো, পাতালরেলের বগি, কংক্রিটের ঘনক ও বিশেষ রিফ বল ব্যবহার করেও কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়।

সংশ্লিষ্টদের আশা, ‘এসএস ইউনাইটেড স্টেটস’ নতুন এই প্রবালপ্রাচীর সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ বৃদ্ধিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি ডুবুরি ও পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190905